ফের শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব।
পঙ্কজ মুন্সীর প্রয়াণের খবর নিশ্চিত করেন পরিচালক সৌরভ পালোধি। জানা গিয়েছে, সাধারণ মানুষ এবং তাঁর গুণমুগ্ধদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে।
বাংলা থিয়েটারের জগতে পঙ্কজ মুন্সীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলধারার থিয়েটারের পাশাপাশি স্বাধীন ও বিকল্প ধারার নাট্য আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ‘অঙ্গনমঞ্চ’ ও মুক্তমঞ্চের ভাবনায় বিশ্বাসী ছিলেন পঙ্কজ মুন্সী। বিকল্প থিয়েটারের তাত্ত্বিক ভাবনা এবং তার ব্যবহারিক প্রয়োগ—দুই ক্ষেত্রেই তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন,
বউয়ের আবদার রাখতে যৌনাঙ্গ বড় করার ইঞ্জেকশন! বেঘোরে প্রাণ হারাল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
নাট্যচর্চার সঙ্গে তাঁর পরিবারেরও গভীর যোগ ছিল। তাঁর স্ত্রী তপতী মুন্সীও নাটক ও অভিনয়ের সঙ্গে যুক্ত। মঞ্চের পাশাপাশি নাটক, ছবি ও ধারাবাহিকে অভিনয় করেও দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। শুধু মঞ্চেই সীমাবদ্ধ থাকেনি পঙ্কজ মুন্সীর অভিনয়জীবন। রুপোলি পর্দাতেও নিজের অভিনয়ের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। অশোক বিশ্বনাথন পরিচালিত প্রশংসিত তথ্যচিত্র ‘বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার’-এ তাঁর পারফরম্যান্স এবং বিশ্লেষণাত্মক উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।
এছাড়াও ‘মহিষাসুরমর্দিনী’ এবং ‘শজারুর কাঁটা’-র মতো একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ মুন্সী। তাঁর সাবলীল অভিনয় জায়গা করে নিয়েছিল দর্শকের মনে।
দীর্ঘ নাট্য ও অভিনয়জীবনে বাংলা সংস্কৃতির জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন পঙ্কজ মুন্সী। তাঁর প্রয়াণে বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.