টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। নতুন বাংলা ছবি বাবা-তে তিনি অভিনয় করছেন এক দায়িত্ববান ও লড়াকু বাবার ভূমিকায়, যে সন্তানের নিরাপত্তার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, ছবির মূল বার্তাই হল একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং সন্তানের প্রতি তাঁর সীমাহীন দায়বদ্ধতা। সিনেমার ট্যাগলাইনে সেই আবেগ আরও স্পষ্ট— সন্তানের জন্য মৃত্যুকেও ভয় না পাওয়ার দৃঢ় অঙ্গীকার।
পরিচালক জিৎ চক্রবর্তী-র পরিচালনায় তৈরি এই ছবিতে বিক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ আরও অনেক পরিচিত মুখ।
গল্পের কেন্দ্রে রয়েছে গৌরব নামে এক তরুণ সাংবাদিক। ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হওয়া এই যুবকের স্বপ্ন ছিল একজন আদর্শ বাবা হওয়ার। পরে রাই নামের এক তরুণীকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তাঁদের জীবনে আসে এক কন্যাসন্তান, আর সেই সন্তানকে ঘিরেই বদলে যেতে থাকে গৌরবের জীবন।
মেয়ের প্রতি অতিরিক্ত সুরক্ষাবোধের কারণে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও, একজন বাবা হিসেবে তাঁর দায়িত্ববোধ কখনও কমে না। এর মধ্যেই তিনি জড়িয়ে পড়েন কলকাতার ভয়ংকর শিশু পাচার চক্রের বিরুদ্ধে এক বিপজ্জনক লড়াইয়ে।
একদিকে সাংবাদিকতার নৈতিক দায়িত্ব, অন্যদিকে নিজের পরিবারের নিরাপত্তা— এই দুইয়ের দ্বন্দ্বই ছবির মূল আকর্ষণ। ছবিতে যেমন রয়েছে আবেগঘন পারিবারিক সম্পর্ক, তেমনই রয়েছে অ্যাকশন, সামাজিক বাস্তবতা এবং মানবিক বার্তা।
নির্মাতাদের দাবি, এই সিনেমা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, সমাজের এক কঠিন বাস্তবকেও তুলে ধরবে। বিশেষ করে পথশিশুদের জীবনসংগ্রাম এবং সংগঠিত শিশু পাচার চক্রের অন্ধকার দিক ছবির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
আগামী পিতৃদিবস উপলক্ষে ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বাবা ছবিটির। বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প বড়পর্দায় কতটা দর্শকদের হৃদয় ছুঁতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.