৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় সাফল্য পেল ‘আর্টিকেল ৩৭০’। আদিত্য সুহাস জাম্ভালে পরিচালিত এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। একই সঙ্গে, ছবিটি এ বছরের শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবেও জাতীয় পুরস্কার জিতেছে। ফলে গোটা টিমের কাছে এই অর্জন হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরস্কার ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন ইয়ামি। সেখানে তিনি লেখেন, “প্রতিটি যাত্রাপথেই এমন একটি মুহূর্ত আসে, যা আপনাকে মনে করিয়ে দেয় কেন আপনি কখনও হাল ছাড়েননি। আজ আমার জন্য সেই মুহূর্ত। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা আমি সারাজীবন লালন করব।”
অভিনেত্রীর কথায়, গত ১৪ বছরের অভিনয়জীবনে তিনি কখনও শুধুমাত্র স্বীকৃতির পিছনে ছুটে বেড়াননি। বরং নিজের কাজ, সততা এবং অভিনয়কেই গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, এই সম্মান শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং আশা, অধ্যবসায়, ধৈর্য এবং সিনেমার প্রতি অটুট ভালোবাসার স্বীকৃতি।ইয়ামি আরও জানান, ‘আর্টিকেল ৩৭০’ তাঁর কাছে শুধুই একটি সিনেমা নয়। ছবিতে গোয়েন্দা কর্মকর্তা জুনি হাকসারের চরিত্রে অভিনয়ের পাশাপাশি, এটি তাঁর নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে। তাই ছবিটির সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক আরও গভীর।
পোস্টে তিনি লেখেন, “প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি আলোচনা এবং শুটিংয়ের প্রতিটি দিনের একটাই উদ্দেশ্য ছিল—সততা ও দৃঢ়তার সঙ্গে এই গল্পটি দর্শকদের সামনে তুলে ধরা।”
ছবিটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। জাতীয় পুরস্কারে ছবির এই সাফল্যের জন্য পরিচালক, কলাকুশলী, প্রযুক্তিবিদ এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামি। তাঁর মতে, দর্শকদের ভালোবাসাই প্রমাণ করে যে অর্থবহ গল্প সবসময় মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।
এছাড়াও, পরিবারের সদস্য, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, কঠিন সময়ে তাঁদের বিশ্বাস এবং সমর্থনই তাঁকে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে।
পোস্টের শেষে ইয়ামি স্পষ্ট করে দেন, এই জাতীয় পুরস্কার তাঁর কাছে কোনো যাত্রার শেষ নয়, বরং নতুন দায়িত্বের সূচনা। তিনি লেখেন, “এই পুরস্কার কোনো স্বপ্নের সমাপ্তি নয়, বরং আরও সাহসী গল্প বলার এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বের শুরু।”
*Rajesh Sharma: বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা, দ্রুত সুস্থ হচ্ছেন অভিনেতা, শীঘ্রই ফিরবেন কাজে
সবশেষে স্বপ্নবাজদের উদ্দেশে ইয়ামির বার্তা, “স্বপ্ন সত্যি হয়, যদি ইচ্ছাশক্তি কখনও হার না মানে। বিশ্বাস কখনও হারিয়ো না।”

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.