Ranbir Kapoor:নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী ২৪ জুলাই। ট্রেলার প্রকাশের আগে শনিবার দিল্লির প্রগতি ময়দানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় এক্সক্লুসিভ স্ক্রিনিং অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর-সহ গোটা তারকাবাহিনী।
মঞ্চে উঠেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন রণবীর। তবে সবার নজর কেড়ে নেয় তাঁর চোখে থাকা কালো চশমা। এরপর নিজেই দর্শকদের উদ্দেশে চশমা পরার কারণ ব্যাখ্যা করেন অভিনেতা।
রণবীর বলেন, “আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি কালো চশমা পরে এসেছি। আমার চোখে সংক্রমণ হয়েছে। তবে এই শুভ দিনে আমার হৃদয়ে শুধুই ভালোবাসা রয়েছে। তাই আমাকে ক্ষমা করবেন।”
সম্প্রতি জানা যায়, মেয়ে রাহার কাছ থেকেই কনজাঙ্কটিভাইটিসে আক্রান্ত হয়েছেন অভিনেতা। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি ট্রেলার স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত হন।
অনুষ্ঠানে রণবীর বিশেষভাবে সম্মান জানান রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা অরুণ গোভিলকে। প্রথমে তাঁকে দাঁড়ানোর অনুরোধ করলেও পরে নিজেই বসে থাকার জন্য অনুরোধ জানান।
অরুণ গোভিলকে উদ্দেশ করে রণবীর বলেন, “আপনি যে নিষ্ঠা, সৌন্দর্য এবং মর্যাদার সঙ্গে এত বছর ধরে এই চরিত্রটিকে জীবন্ত রেখেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমি যদি আপনার অভিনয়ের সামান্য অংশও পর্দায় তুলে ধরতে পারি, তাহলেই মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে।”
রণবীরের এই বক্তব্যে হাসিমুখে প্রতিক্রিয়া জানান অরুণ গোভিল।
*Rajesh Sharma: বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা, দ্রুত সুস্থ হচ্ছেন অভিনেতা, শীঘ্রই ফিরবেন কাজে
উল্লেখ্য, ‘রামায়ণ’-এর একাধিক সংস্করণ তৈরি হলেও রামানন্দ সাগরের ধারাবাহিকে অরুণ গোভিলের শ্রীরাম চরিত্র আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। ফলে বড় পর্দায় সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর কাপুরের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকদের অপেক্ষা, তিনি কতটা সফলভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.