‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে কিয়ারা আডবাণী ও তারা সুতারিয়ার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে যশকে। ছবির এই সাহসী দৃশ্যগুলি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে পর্দায় স্বামীকে এমন ঘনিষ্ঠ দৃশ্যে দেখে অভিনেতার স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী—তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন যশ।
ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে যশ জানান, তাঁকে পর্দায় এমন অবস্থায় দেখে রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এর জন্য তাঁদের সম্পর্কে কোনও সমস্যা তৈরি হবে না। কারণ, রাধিকা তাঁর পেশার ধরন বোঝেন এবং স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করেন।
যশের কথায়, এই ধরনের দৃশ্যে অভিনয় করা তাঁর নিজের কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনেই তাঁকে এমন দৃশ্যে অভিনয় করতে হয়েছে। তাঁর মতে, ছবির গল্পের ক্ষেত্রে এই দৃশ্যগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই ব্যক্তিগত অস্বস্তিকে দূরে রেখে চরিত্রের প্রয়োজনকেই গুরুত্ব দিয়েছেন তিনি।
যশ বলেন, “অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার উপর রেগে যাবে। কারণ, ও আমাকে বিশ্বাস করে।”
রাধিকা নিজেও একজন অভিনেত্রী। ফলে অভিনয় এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্যটা তিনি খুব ভালভাবেই বোঝেন বলে জানান যশ। তাঁর মতে, কোনও অভিনেতা যখন পর্দায় একটি চরিত্রে অভিনয় করেন, তখন তিনি সেই চরিত্রের মানুষটিই হয়ে ওঠেন। সেখানে ব্যক্তিগত সম্পর্কের পরিচয়টি প্রাসঙ্গিক নয়।
তবে যশ এটাও স্বীকার করেছেন যে, পর্দায় সঙ্গীকে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যে কোনও মানুষের কাছেই অস্বস্তিকর হতে পারে। এ বিষয়ে রাখঢাক না করে তাঁর স্পষ্ট বক্তব্য, এমন পরিস্থিতিতে প্রত্যেক সঙ্গীরই অস্বস্তি হওয়া স্বাভাবিক।
অভিনেতার মতে, সিনেমা একটি শিল্পমাধ্যম। গল্পের প্রয়োজনে কখনও কখনও এমন দৃশ্য দেখানো প্রয়োজন হয়। তাই ব্যক্তিগত অনুভূতি এবং অভিনয়ের প্রয়োজন—দুই বিষয়কে আলাদা করেই দেখেন তিনি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, নয়নতারার, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। ছবিটি ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.