অমানবিক! অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উড়ে এল কাচের বোতল, গায়িকার চোখমুখ কেটে রক্তারক্তি কাণ্ড!

মঞ্চে দাঁড়িয়ে গান গাইছিলেন তরুণী গায়িকা। আচমকাই দর্শকাসন থেকে উড়ে এল কাচের বোতল। সোজা গিয়ে আঘাত করল তাঁর মুখে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মঞ্চ ছাড়তে হল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পেরুতে। আহত গায়িকার নাম সোরায়া নিয়েতো। গত ৮ অগস্ট পেরুর একটি স্থানীয় উৎসবে গান গাওয়ার সময় হামলার শিকার হন সোরায়া। ঘটনার ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র নিন্দা। অভিযোগের তির এক ব্যক্তির দিকে।

জানা গিয়েছে, নির্ধারিত সময়ের তুলনায় সোরায়ার অনুষ্ঠান দীর্ঘায়িত হচ্ছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি মঞ্চ লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ। বোতলটি সরাসরি সোরায়ার মুখে গিয়ে লাগে। আঘাতে তাঁর মুখে একাধিক ছোট ক্ষত তৈরি হয়েছে। বাঁ চোখের পাতায় কালশিটে পড়ার পাশাপাশি ভ্রুর চারপাশের অংশ ফুলে যায়। ঠোঁটের ঠিক নীচে তৈরি হয় গভীর ক্ষত, যার জন্য একাধিক সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে।

বোতলের আঘাতে সোরায়ার চশমাটিও সম্পূর্ণ ভেঙে যায়। তবে ভাঙা কাচের টুকরোয় তাঁর চোখের দৃষ্টিশক্তির বড় কোনও ক্ষতি হয়নি। আপাতত সেটিই কিছুটা স্বস্তির খবর বলে মনে করছেন গায়িকা। ঘটনার পর স্থানীয় কয়েক জন এবং সোরায়ার বন্ধুরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। পরে এক সাক্ষাৎকারে গায়িকা জানান, আচমকাই তিনি রক্তাক্ত হয়ে যান। বিপদের মুহূর্তে যাঁরা সাহায্যের জন্য ছুটে এসেছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

তবে হামলার পর অনুষ্ঠানে উপস্থিত অন্য শিল্পীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোরায়া। তাঁর অভিযোগ, একই অনুষ্ঠানের অন্য একটি মঞ্চে কয়েক জন সঙ্গীতশিল্পী হামলার খবর জানার পরেও গান চালিয়ে যান। তাঁকে সাহায্য করতে তাঁরা এগিয়ে আসেননি বলেও দাবি করেছেন গায়িকা।

আঘাতের মাত্রা বিস্তারিতভাবে জানার জন্য ফরেনসিক মেডিক্যাল পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন সোরায়া। পাশাপাশি শারীরিক হামলা এবং মুখের বিকৃতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ঘটনার পর সমাজমাধ্যমে অনুরাগীদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সোরায়া। একই সঙ্গে আইনি প্রক্রিয়া কত দূর এগোল, সেই বিষয়েও অনুরাগীদের নিয়মিত আপডেট দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক