সমুদ্রের গভীরে ইতিহাসের সন্ধান, ২১০০ বছরের অক্ষত রোমান জাহাজে পাওয়া গেল ৫০০ প্রাচীন ঘড়া

সমুদ্রের তলায় সন্ধান মিলল প্রায় ২১০০ বছরের পুরনো একটি রোমান জাহাজের। শুধু জাহাজই নয়, তার ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০টি অক্ষত প্রাচীন সেরামিকের ঘড়া। ইতালির সিসিলি উপকূলের কাছে এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

মাছ ধরতে গিয়ে রহস্যের সূত্র
সমুদ্রের ধারে মাছ ধরার সময় মৎস্যজীবীদের সন্দেহ হয়, জলের তলায় কোনও অস্বাভাবিক বস্তু রয়েছে। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। এরপর পুলিশের দক্ষ ডুবুরিদের একটি দল সমুদ্রের তলায় নেমে অনুসন্ধান শুরু করে। প্রায় ১৫০ ফুট গভীরে পৌঁছতেই ডুবুরিরা সমুদ্রের তলদেশে একটি প্রাচীন জাহাজের সন্ধান পান।

২১০০ বছর পরও অক্ষত জাহাজ
বিশেষজ্ঞদের পরীক্ষায় জানা যায়, জাহাজটির বয়স প্রায় ২১০০ বছর। এত দীর্ঘ সময় সমুদ্রের তলায় থাকার পরও জাহাজটির উল্লেখযোগ্য অংশ অক্ষত অবস্থায় রয়েছে। এই বিষয়টিই বিশেষজ্ঞদের বিশেষভাবে বিস্মিত করেছে। তবে আরও বড় চমক অপেক্ষা করছিল জাহাজের ভিতরে। সেখানে স্তূপ হয়ে থাকা অবস্থায় পাওয়া যায় প্রায় ৫০০টি বিশেষ আকৃতির সেরামিকের ঘড়া।

কী রাখা হত এই ঘড়াগুলিতে?
প্রাচীন যুগে এই ধরনের ঘড়া মূলত অলিভ তেল, সুরা এবং শস্যের মতো বিভিন্ন সামগ্রী সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যবহার করা হত বলে জানা যায়।

ঘড়াগুলির গঠনও ছিল বেশ স্বতন্ত্র। এগুলির গলার অংশ ছিল লম্বা ও সরু, অন্যদিকে মাঝের বা পেটের অংশ তুলনামূলকভাবে চওড়া। অনেক ঘড়ির দু’পাশে দুটি করে হাতলও থাকত, যাতে সেগুলি সহজে বহন করা যায়।

রোমান সংস্কৃতি সম্পর্কে মিলতে পারে নতুন তথ্য
ইতালির সিসিলি উপকূলের কাছে পাওয়া এই প্রাচীন জাহাজ এবং তার ভিতরের প্রায় ৫০০টি সেরামিকের ঘড়াকে ইতালির সংস্কৃতি মন্ত্রক একটি অনন্য আবিষ্কার হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার থেকে প্রায় ২১০০ বছর আগের সমুদ্রপথে বাণিজ্য, পণ্য পরিবহণ এবং রোমানদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে সেই সময়কার রোমান সংস্কৃতি ও বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়েও নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রের গভীরে এত বছর ধরে সংরক্ষিত অবস্থায় থাকা জাহাজ ও তার ভিতরের বিপুল সংখ্যক অক্ষত পাত্র তাই প্রত্নতাত্ত্বিকদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক