গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম বলিউডের জনপ্রিয় তারকা পারভিন দাবাস। শনিবার সকালে তিনি গাড়ি দুর্ঘটনায় ভয়ানক জখম হন। এরপর তাকে বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে, পারভিন দাবাসের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। আর তাই তার পরিবার থেকে অনুগামী সকলেই যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন।
অভিনেতার সঙ্গে বর্তমানে রয়েছেন তার স্ত্রী প্রীতি জাঙ্গিয়ানি। অভিনেতার গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রো পাঞ্জা লিগের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রো পাঞ্জা লীগের সহপ্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এই মহূর্তে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। শনিবার ভোরে বান্দ্রায় একটা দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনা হয়। ঘটনার বিশদ বিবরণ এখনও পুরোপুরি সামনে আসেনি।”
এরপর লেখা হয়, “তবে আমরা নিশ্চিত করছি যে মিঃ পারভিন দাবাস বর্তমানে চিকিৎসাধীন। আমরা এই কঠিন সময়ে পারভিন ও তার পরিবারের সঙ্গে রয়েছি। প্রো পাঞ্জা লিগ ম্যানেজমেন্ট অভিনেতার পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং যথাযথ আপডেট আমরা দেব। আমরা দয়া করে মিস্টার দাবাস এবং তার প্রিয়জনদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি। আমরা পারভিনের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি।”
পারভিন দাবাস বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো খোসলা কা ঘোসলা, রাগিনী এমএমএস ২, মাই নেম ইজ খান, শর্মা জি কি বেটি সহ একাধিক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তাই তার দুর্ঘটনায় অনেকেই চিন্তায় রয়েছেন। অভিনেতা ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিবাহ করেন। তাদের রয়েছে দুই পুত্র সন্তান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.