Shreya: কিংবদন্তি শিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ দিবসে তাঁর উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধা জানালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। ভারতীয় সঙ্গীতজগতে লতা মঙ্গেশকরের অবদান ভাষায় প্রকাশ করা অসম্ভব। হাজার হাজার গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেন তিনি, যা ভারতীয় সঙ্গীতজগতের এক অপূরণীয় ক্ষতি। তবে জন্ম-মৃত্যুর অমোঘ নিয়ম মেনে সকলকেই বিদায় নিতে হয়। তাঁর প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে আপামর ভারতবাসী।
শ্রেয়া ঘোষাল এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে লতাজির অল্প বয়সের কিছু ছবির পাশাপাশি একটি ছবিতে প্রিয় ‘দিদি’র পাশে শ্রেয়াকে বসে থাকতে দেখা যায়।
শ্রেয়া লিখেছেন, “লতা দিদি, তোমার কণ্ঠ আমার প্রথম শিক্ষক ছিল এবং আমার আজীবন অনুপ্রেরণা হিসেবে রয়ে গেছে। আমি যে গান গাই তার প্রতিটি সুর তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ এবং তুমি যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলে তা বহন করে। তুমি যে সঙ্গীত, নির্দেশনা এবং বিশ্বকে যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি সর্বদা কৃতজ্ঞ থাকব, সর্বদা ঋণী থাকব। প্রতিটি সুরে তুমি বেঁচে আছো। হাত জোড় করে এবং পূর্ণ হৃদয়ে।”
এই পোস্টে বিনোদন জগতের অন্যান্য কলাকুশলীরাও শ্রদ্ধা জানিয়েছেন। আসলে প্রত্যেকের জীবনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন লতা দিদি, তাই এই বিশেষ দিনটিতে তাঁকে স্মরণ করতে কেউই ভোলেন না।

Sudeshna has been writing entertainment reports since 2021.