সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ইতিহাস আবারও মানব সভ্যতার এক বিস্ময়কর অধ্যায় সামনে আনল। ফ্রান্সের পশ্চিম উপকূলবর্তী এলাকায় সমুদ্রের প্রায় ৩০ ফুট গভীরে পাওয়া গিয়েছে একটি রহস্যময় প্রাচীন দেওয়াল, যার বয়স আনুমানিক ৭ হাজার বছর। কয়েক বছর আগে এই দেওয়ালটির অস্তিত্ব প্রথম নজরে এলেও সে সময় জলের তলার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে বিশেষ গবেষণা হয়নি। তবে সম্প্রতি নতুন করে গবেষণা শুরু হতেই উঠে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য।
বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ ও সামুদ্রিক গবেষকেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে জলের তলায় নেমে দেওয়ালটির গঠন, উপাদান ও অবস্থান বিশ্লেষণ করেন। গবেষণায় জানা যায়, এটি প্রস্তর নির্মিত একাধিক ভারী ব্লক দিয়ে তৈরি, যা দেখতে অনেকটা ইটের মতো হলেও প্রতিটি ব্লকের ওজন অত্যন্ত বেশি। দেওয়ালটির দৈর্ঘ্য প্রায় ৪০০ ফুট—অত্যন্ত দীর্ঘ না হলেও প্রাগৈতিহাসিক যুগের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য নির্মাণ।
এই দেওয়ালটি কেন তৈরি হয়েছিল, কী ছিল এর আসল উদ্দেশ্য—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। গবেষকদের মধ্যে এ বিষয়ে নানা মতামত উঠে আসছে। একাংশের মতে, সেই সময় উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষরা মাছ ধরার সুবিধার জন্য এই দেওয়াল নির্মাণ করেছিলেন। সম্ভবত এটি মাছ আটকে রাখার বা নিয়ন্ত্রিতভাবে শিকার করার একটি কাঠামো ছিল।
অন্যদিকে, আরেক দল গবেষকের ধারণা, সেই সময় সমুদ্রের জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। বসতি রক্ষা করার উদ্দেশ্যেই মানুষ দেওয়াল গেঁথে জলস্তরের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে চেয়েছিল। তবে এই দুই মতের কোনওটিকেই এখনও চূড়ান্তভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
৭ হাজার বছর আগের এই নির্মাণ আজ সমুদ্রের তলায় অবস্থান করলেও, এটি প্রমাণ করে যে তৎকালীন মানবসমাজ প্রকৌশল জ্ঞান ও পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। জলের তলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে এই দেওয়ালকে এক অনন্য আবিষ্কার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই আবিষ্কার ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। গবেষণা আরও এগোলে হয়তো খুব শিগগিরই জানা যাবে, প্রাগৈতিহাসিক মানুষের জীবনযাপন ও সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্কের আরও অজানা গল্প।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.