হাঁটা এমন একটি শরীরচর্চা, যা প্রায় সব বয়সের মানুষের জন্যই উপকারী। আলাদা যন্ত্রপাতি বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না বলেই অনেকেই সুস্থ থাকার সহজ উপায় হিসেবে হাঁটাকেই বেছে নেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু হাঁটলেই হবে না— সঠিক নিয়ম মেনে হাঁটাও সমান জরুরি। কারণ, কিছু সাধারণ ভুলের কারণে হাঁটার আসল উপকার অনেক সময় পাওয়া যায় না। বরং দীর্ঘমেয়াদে পেশি, হাঁটু, কোমর কিংবা মেরুদণ্ডের সমস্যাও দেখা দিতে পারে।
হাঁটার সময় যে ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে
১) হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহার

এখন অনেকেই হাঁটার সময় ফোনে কথা বলেন বা স্ক্রিনে চোখ রাখেন। এতে মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি শরীরের ভঙ্গিতেও খারাপ প্রভাব পড়ে। মাথা নিচু করে দীর্ঘক্ষণ হাঁটলে ঘাড়, কাঁধ ও পিঠে অতিরিক্ত চাপ তৈরি হয়। ধীরে ধীরে কুঁজো হয়ে হাঁটার প্রবণতাও তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হাঁটার সময় মাথা সোজা রাখা এবং কাঁধ স্বাভাবিক ভঙ্গিতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২) সঠিক জুতো না পরা
অনেকেই দৈনন্দিন ব্যবহারের যেকোনও জুতো পরে হাঁটতে বেরিয়ে পড়েন। কিন্তু ভুল মাপের বা অতিরিক্ত শক্ত জুতো হাঁটার ছন্দ নষ্ট করতে পারে। এতে হাঁটু, গোড়ালি এবং কোমরে চাপ বাড়ে। আরামদায়ক এবং পায়ের মাপ অনুযায়ী জুতো ব্যবহার করলে হাঁটা অনেক বেশি নিরাপদ ও কার্যকর হয়।
৩) খুব ধীরে হাঁটা
স্বাস্থ্য ভাল রাখার জন্য হাঁটার গতি গুরুত্বপূর্ণ। অত্যন্ত ধীর গতিতে ছোট ছোট পদক্ষেপে হাঁটলে শরীরের বিভিন্ন পেশি যথেষ্ট সক্রিয় হয় না। বিশেষ করে নিতম্ব ও পেটের পেশির কাজ কমে যায়। অথচ এই অংশগুলিই শরীরের ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা নেয়। তাই নিজের সক্ষমতা অনুযায়ী কিছুটা দ্রুত গতিতে হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা।
৪) পা টেনে হাঁটার অভ্যাস
অনেকের হাঁটার সময় পা পুরোপুরি ওঠে না। ফলে পা টেনে হাঁটার অভ্যাস তৈরি হয়। এতে হোঁচট খাওয়ার ঝুঁকি বাড়ে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। হাঁটার সময় গোড়ালি থেকে আঙুল পর্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে পা ফেলা জরুরি। এতে শরীরের ভারসাম্যও ভাল থাকে।
৫) হাত স্থির রাখা
হাঁটার সময় হাত একেবারে না নাড়ালে শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। হাত স্বাভাবিকভাবে দোলালে ভারসাম্য বজায় থাকে এবং শরীরের নড়াচড়া আরও সক্রিয় হয়। এতে কিছুটা বেশি ক্যালোরিও খরচ হতে পারে।
শুধু হাঁটলেই যথেষ্ট নয়
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে হাঁটার পাশাপাশি শরীরের শক্তি বাড়ানোর ব্যায়াম, স্ট্রেচিং এবং ভারসাম্য রক্ষার অনুশীলনও প্রয়োজন। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অভ্যাসগুলি শরীরকে আরও সচল রাখতে সাহায্য করে। তবে নিয়মিত ও সঠিক ভঙ্গিতে হাঁটা এখনও সবচেয়ে সহজ এবং কার্যকর শরীরচর্চাগুলির মধ্যে অন্যতম।