হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে অম্বুবাচী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ পর্ব। প্রতি বছর আষাঢ় মাসে এই উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। বিশেষ করে অসমের কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে এই সময় এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। দেশ-বিদেশ থেকে বহু সাধু, সন্ন্যাসী এবং ভক্ত সমবেত হন এই উপলক্ষে।
অম্বুবাচী ২০২৬ কবে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ১৪৩৩ বঙ্গাব্দের ৭ আষাঢ়, অর্থাৎ ২২ জুন ২০২৬, সোমবার দুপুর ১২টা ১৬ মিনিটে অম্বুবাচী পর্বের সূচনা হবে। এই পর্ব চলবে ২৫ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত।
অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকার হিসাব অনুযায়ী, ২২ জুন ২০২৬, সোমবার রাত ৯টা ৮ মিনিট ৩৭ সেকেন্ডে অম্বুবাচী শুরু হবে এবং ২৬ জুন, শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিট ১৫ সেকেন্ডে এর সমাপ্তি ঘটবে।
কেন পালন করা হয় অম্বুবাচী?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সূর্য যখন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করেন, তখন বর্ষার সূচনা ঘটে। বর্ষার এই সময়েই অম্বুবাচী পর্বের আবির্ভাব। লোকবিশ্বাসে বলা হয়, এই সময়ে ধরিত্রী বা পৃথিবী মাতাকে ঋতুমতী বলে মনে করা হয়। সেই কারণেই কয়েকদিন ধরে বিশেষ কিছু বিধি-নিষেধ মেনে চলার প্রথা রয়েছে।
‘অম্বু’ শব্দের অর্থ জল এবং ‘বাচী’ শব্দের অর্থ বৃদ্ধি। অর্থাৎ, অম্বুবাচী শব্দের অর্থ দাঁড়ায় ‘জলের বৃদ্ধি’ বা বর্ষার আগমনে প্রকৃতির উর্বরতার প্রকাশ।
তিনদিনের বিশেষ আচার
অম্বুবাচী সাধারণত তিন দিন ধরে পালন করা হয়। এই সময়কে ধরিত্রী মাতার বিশ্রামকাল হিসেবে ধরা হয়। তাই বহু পরিবারে এই কয়েকদিন কোনও শুভ কাজ করা হয় না। বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ কিংবা নতুন কোনও শুভ উদ্যোগ থেকে বিরত থাকার রীতি রয়েছে। এমনকি কৃষিকাজ ও হলকর্ষণও এড়িয়ে চলার প্রথা প্রচলিত।
তিন দিনের এই পর্ব শেষ হওয়ার পর চতুর্থ দিন থেকে স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
কামাখ্যা মন্দিরে বিশেষ প্রথা
অম্বুবাচী উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে একটি বিশেষ রীতি পালন করা হয়। শুভক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং নিয়মিত পূজা-অর্চনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই সময়ে ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকে না।
পর্ব শেষ হওয়ার পর মন্দির পুনরায় খুলে দেওয়া হয়, যা ভক্তদের কাছে অত্যন্ত শুভ ও পবিত্র মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এই বিশেষ উপলক্ষকে ঘিরে প্রতি বছর কামাখ্যা মন্দিরে বিশাল জনসমাগমের সাক্ষী থাকে অসম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.