গরমের দিনে ঠান্ডা ও সতেজ পানীয়ের খোঁজে থাকেন অনেকেই। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি পানীয় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে, যার নাম ‘জঙ্গল ড্রিঙ্ক’। নাম শুনে জঙ্গলের সঙ্গে কোনও সম্পর্ক আছে বলে মনে হলেও বাস্তবে এটি ফল, ডাবের জল এবং দুধজাত উপকরণের সমন্বয়ে তৈরি এক বিশেষ ধরনের শীতল পানীয়। দুবাইয়ের বিভিন্ন জুস ও ডেজ়ার্ট আউটলেটে এ ধরনের পানীয় বহু দিন ধরেই জনপ্রিয়। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নতুন করে আলোচনায় এসেছে।
দুবাইয়ের বিভিন্ন দোকানে নানা ধরনের মৌসুমি ফলের রস ও টুকরো ফল মিশিয়ে তৈরি করা হয় ‘জঙ্গল জুস’ নামে পরিচিত কিছু পানীয়। বিভিন্ন স্বাদের এই পানীয়গুলির মধ্যে কোনওটিতে থাকে আম, লিচু ও জাম, আবার কোনওটিতে আপেল, আঙুর বা বেদানার মিশ্রণ। সেই ধারারই একটি বিশেষ সংস্করণ বর্তমানে ‘জঙ্গল ড্রিঙ্ক’ নামে পরিচিতি পেয়েছে।
ভারতের বিভিন্ন শহরেও এর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বিশেষ করে আম, লিচু, তালশাঁস ও ডাবের মতো গ্রীষ্মকালীন উপকরণ দিয়ে তৈরি এই পানীয় স্বাদ ও চেহারার কারণে অনেকের নজর কেড়েছে। সাধারণত ডাবের খোলের মধ্যেই পরিবেশন করা হয় এটি, ফলে পরিবেশনের ধরনও পানীয়টিকে আরও আকর্ষণীয় করে তোলে।

বাজারে এই পানীয়ের দাম তুলনামূলক বেশি হলেও বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। এর জন্য প্রয়োজন ডাবের জল, ডাবের শাঁস, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা আইসক্রিম এবং বিভিন্ন ফলের টুকরো। প্রথমে ডাবের জল, ডাবের শাঁস, কনডেন্সড মিল্ক ও আইসক্রিম একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেই মিশ্রণের সঙ্গে আম, লিচু, তালশাঁস ও নারকেলের টুকরো মেশাতে হবে।
সবশেষে ডাবের খোল বা পছন্দসই পাত্রে পানীয়টি ঢেলে উপরে কাজু-কাঠবাদামের কুচি এবং সামান্য পুদিনাপাতা ছড়িয়ে পরিবেশন করা যায়। ফল, বাদাম ও ডাবের স্বাদের অনন্য মেলবন্ধনে তৈরি এই পানীয় গরমের দিনে একদিকে যেমন শরীরে প্রশান্তি এনে দেয়, তেমনই অতিথি আপ্যায়নেও হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মৌসুমি ফলের পুষ্টিগুণ এবং ডাবের স্বাভাবিক সতেজতা মিলিয়ে ‘জঙ্গল ড্রিঙ্ক’ সহজেই হয়ে উঠতে পারে গ্রীষ্মের অন্যতম প্রিয় পানীয়।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.