কন্নড় অভিনেত্রীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ! সম্পর্ক নিয়ে নতুন রহস্য

বেঙ্গালুরুতে কন্নড় অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে ৩৩ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম বৈশাখ বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি শহরের পিআর নগর এলাকায় ঘটেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বুধবার রাতে বৈশাখ অভিনেত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন। পরে বাড়ির ভেতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিনেত্রী কৃষি তাপন্ডা বাড়িতে ছিলেন না। তিনি ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন। ফলে প্রশ্ন উঠেছে, ঠিক কী পরিস্থিতিতে বৈশাখ ওই বাড়িতে ছিলেন এবং কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, বৈশাখ তার বৈবাহিক জীবন নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্যে ছিলেন। তিনি প্রায়ই অভিনেত্রীর বাড়িতে যাতায়াত করতেন বলেও তদন্তে উঠে এসেছে। তবে তাদের মধ্যে কোনও ব্যক্তিগত বা বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তদন্তকারীরা।

এছাড়া জানা গিয়েছে, অতীতে অরবিন্দ রেড্ডি নামে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে বৈশাখকে পুলিশ আটক করেছিল। তবে অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার যোগ ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, বৈশাখ কীভাবে অভিনেত্রীর বাড়িতে প্রবেশ করেছিলেন। তার কাছে বাড়ির চাবি ছিল কি না, থাকলে সেই চাবি তাকে কে দিয়েছিলেন এবং অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিনেত্রী এবং মৃত যুবকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশের দাবি, সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পরই এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক