নরওয়েতে রূপকথার বাগদান, ইমতিয়াজ-কন্যার বর কে?

ইমতিয়াজ আলির পরিবারে এবার বেজে উঠতে চলেছে বিয়ের সানাই। বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলির কন্যা, লেখিকা ও নির্মাতা ইদা আলি তাঁর দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগরওয়ালের সঙ্গে বাগদান সারলেন। নরওয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আয়োজিত এই বিশেষ মুহূর্তের কথা সম্প্রতি নিজেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইদা।

গত রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন ইদা। ভিডিওর ক্যাপশনে তিনি জানান, ২০২৬ সালের ১ জুলাই রাত ১১টা নাগাদ নরওয়ের বিখ্যাত সমুদ্রসৈকত ইট্রেস্যান্ডে পাহাড় ও সমুদ্রবেষ্টিত মনোরম পরিবেশে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। চারপাশের নিস্তব্ধ প্রকৃতি ও মধ্যরাতের আবহ যেন এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছিল।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাতে পরা হিরের আংটি ক্যামেরার সামনে তুলে ধরছেন ইদা। আবেগে আপ্লুত হয়ে দু’হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন তিনি। এরপর ফ্রেমে আসেন তাঁর হবু স্বামী কৃষ আগরওয়াল। দু’জনে একসঙ্গে একটি মিষ্টি সেলফিও তোলেন। পরবর্তী কয়েকটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে আংটি হাতে ইদাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কৃষ।

ইদা ও কৃষের এই সুখবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে নেটমাধ্যমে। বলিউডের একাধিক তারকা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’-র অভিনেত্রী শর্বরী, অভিনেতা বেদঙ্গ রায়না, সমাজমাধ্যমের জনপ্রিয় মুখ ওরি, অভিনেত্রী মঞ্জরী ফড়নিশ এবং পরিচালক অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপ— সকলেই কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন এই জুটিকে।

যদিও কৃষ আগরওয়াল সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন, তবু ইদার সামাজিক মাধ্যমের নানা পোস্টে তাঁকে প্রায়ই দেখা যায়। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানাননি এই যুগল।

বাবা ইমতিয়াজ আলির পথ অনুসরণ করেই ইদাও সিনেমার জগতকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটির ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেছেন।

২০১৭ সালে ‘লিফট’ নামে নিজের প্রথম শর্ট ফিল্ম লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন ইদা। সেই সময় মেয়ের কাজ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রশংসা করেছিলেন ইমতিয়াজ আলি নিজেই। পরে ২০২১ সালে একটি শিক্ষাপ্রকল্পের অংশ হিসেবে ‘গায়ত্রী’ নামে সাড়ে তিন মিনিটের একটি শর্ট ফিল্ম তৈরি করেন তিনি। ইউটিউবের জন্য নির্মিত ওই ছবিতে অভিনয় করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু আলিয়া কশ্যপ।

প্রসঙ্গত, ইদা হলেন ইমতিয়াজ আলি ও প্রীতি আলির একমাত্র কন্যা। ২০১২ সালে ইমতিয়াজ ও প্রীতির বিবাহবিচ্ছেদ হলেও, বাবার মতোই চলচ্চিত্রের জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে ব্যস্ত ইদা। আর এবার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক