জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ শুধু তাঁর গান নয়, জীবনযাপন ও ব্যক্তিত্বের কারণেও অনুরাগীদের কাছে বিশেষভাবে সমাদৃত। সম্প্রতি যন্তর মন্তরে চলা আন্দোলন এবং আন্দোলনরত পড়ুয়াদের নিয়ে তিনি কেন মুখ খুলছেন না, সেই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। অবশেষে সেই নীরবতা ভেঙে ছাত্র আন্দোলনের সমর্থনে সরব হলেন গায়ক। সোমবার আন্দোলনকারীদের সংসদ অভিযানের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কর্মসূচির সময় আন্দোলনরত পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগও ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিনোদন জগতের একাধিক তারকা। তাঁদের তালিকায় এবার নাম লেখালেন অরিজিৎ সিংহও।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে অরিজিৎ লেখেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?” শুধু এখানেই থেমে থাকেননি তিনি। আরও একটি পোস্টে গায়ক লেখেন, “সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!” পাশাপাশি ক্ষমতাসীনদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি। অরিজিতের কথায়, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।”
গায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। বহু অনুরাগী তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই প্রথম সারির তারকাদের কাছ থেকে এই ইস্যুতে প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনেকে। সেই প্রেক্ষাপটে অরিজিতের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এদিকে, চলতি বছরের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন যে তিনি আর নতুন করে ছবিতে প্লেব্যাক করবেন না। তবে আগে থেকে যেসব কাজের চুক্তি হয়েছে, সেগুলি তিনি সম্পূর্ণ করবেন। সেই সব প্রকল্প মুক্তি পেতে পেতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানা গিয়েছিল।

সম্প্রতি শোনা যায়, ‘আওয়ারাপন ২’ ছবিতে নাকি ফের প্লেব্যাক করছেন অরিজিৎ। এই খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খোলেন গায়কের ঘনিষ্ঠ মহল। এক সাক্ষাৎকারে অরিজিতের আপ্তসহায়ক স্পষ্ট জানান, প্লেব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলাচ্ছেন না গায়ক। তিনি বলেন, “প্লেব্যাক থেকে অবসর নেওয়ার আগেই কিছু কাজ অরিজিতের হাতে ছিল। সেগুলিই তিনি শেষ করছেন। মোটেই প্লেব্যাকে ফিরছেন না অরিজিৎ। এই কাজগুলির প্রতিশ্রুতি আগে থেকেই দেওয়া ছিল।”
ফলে, আপাতত নতুন কোনও প্লেব্যাক প্রকল্পে অরিজিৎ সিংহকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর আগে থেকে নেওয়া কাজগুলি আগামী কয়েক বছরে দর্শক-শ্রোতাদের সামনে আসবে।
*রাহুলের স্মৃতি আজও জীবন্ত, ছেলের ছবি মুক্তির আগে আবেগে ভাসলেন মা শ্যামলী বন্দ্যোপাধ্যায়

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.