মঙ্গলবার ৬৫ বছরে পা দিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি(Suniel Shetty)। জন্মদিনে পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানাতে নস্ট্যালজিক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অজয় দেবগন (Ajay Devgn)। ছবিতে নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাচ্ছে। মুহূর্তেই ছবিটি নেটিজেনদের ফিরিয়ে নিয়ে যায় বলিউডের সেই পুরনো সময়ে।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অজয় লিখেছেন, “শুভ জন্মদিন @suniel.shetty আন্না। এক দিলওয়ালের তরফ থেকে আরেক দিলওয়ালেকে।” অজয়ের এই ব্যক্তিগত শুভেচ্ছা তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বেরই ঝলক তুলে ধরেছে।
নব্বইয়ের দশক থেকে বলিউডে পথচলা দুই অভিনেতার। ১৯৯৪ সালের ‘দিলওয়ালে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অজয় দেবগন ও সুনীল শেট্টিকে। এরপর ‘কায়ামত: সিটি আন্ডার থ্রেট’ (২০০৩), ‘এলওসি কার্গিল’ (২০০৩), ‘ট্যাঙ্গো চার্লি’ (২০০৫), ‘ব্ল্যাকমেল’ (২০০৫) এবং ‘ক্যাশ’ (২০০৭)-এও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সব মিলিয়ে তাঁদের একসঙ্গে কাজের সংখ্যা ছয়।
১৯৬১ সালে জন্মগ্রহণকারী সুনীল শেট্টি নব্বইয়ের দশকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ‘মোহরা’, ‘বর্ডার’ এবং ‘হেরা ফেরি’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেস ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনও বরাবরই চর্চার বিষয়।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সুনীল শেট্টি। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে দেখা করতে পাটনা গিয়েছিলেন তিনি। সেখানে একটি নতুন ছবির শুটিং নিয়ে আলোচনা করেন অভিনেতা।
জানা গিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে প্রায় ৫০-৬০ দিন ধরে ছবিটির শুটিং হতে পারে। পাটনা ও সীতামারহি এলাকায় লোকেশন খোঁজার কাজ চলছে।সংবাদমাধ্যমকে সুনীল বলেন, তাঁরা পুরো বিভাগের সঙ্গে বৈঠক করেছেন এবং বিহারে শুটিং করতে আগ্রহী। নতুন ফিল্ম নীতির কারণে বিহার শুটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠছে বলেও জানান তিনি।
সুনীলকে শেষবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’-এ দেখা যেতে পারে বলে জল্পনা রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.