মাতৃত্বের পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী(Kiara Advani)। যশ(Yash) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে ছবির শুটিংয়ের সময় কিয়ারা অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজ চালিয়ে গিয়েছিলেন—এ বার সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন যশ।
মুম্বইয়ে ‘টক্সিক’-এর সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে যশ জানান, ছবির শুটিং ছিল যথেষ্ট শারীরিক পরিশ্রমসাপেক্ষ। ফলে কিয়ারার অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং নিয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন তিনি এবং পরিচালক গীতু মোহন্দাস। যশের কথায়, কিয়ারা অত্যন্ত পেশাদার অভিনেত্রী। ছবির কাজের কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নিজেকে সম্পূর্ণ ভাবে চরিত্রের জন্য উজাড় করে দিয়েছিলেন।
যশ বলেন, ছবিতে যোগ দেওয়ার পর কিয়ারার সঙ্গে তাঁর প্রথম দিকের কথোপকথনের কথাও তাঁর মনে রয়েছে। শুটিংয়ের কঠিন পরিস্থিতি, এমনকি বৃষ্টির মধ্যে কাজ করার প্রসঙ্গও উঠেছিল তাঁদের কথায়। পরে কিয়ারা যেভাবে নিজের সর্বস্ব দিয়ে শুটিং করেছেন, তাতে মুগ্ধ হন অভিনেতা। কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের শুটিং প্রসঙ্গে যশ বলেন, “ও অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ১০০ শতাংশ দিয়েছে নিজের।” অভিনেতার মতে, ছবিটির প্রতি কিয়ারার দায়বদ্ধতা এবং নিষ্ঠা ছিল অসাধারণ।
তবে একই সঙ্গে কিয়ারাকে নিয়ে যথেষ্ট চিন্তিতও ছিলেন যশ। তিনি জানান, শুটিংয়ের সময় তাঁরা প্রায় কিয়ারার ‘দেহরক্ষী’র মতো হয়ে গিয়েছিলেন। যশের কথায়, “আমি চিন্তায় ছিলাম, গীতু আরও বেশি চিন্তিত ছিল। আমরা যেন ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম। সব সময়ে ওর যত্ন নিতাম।”
যশ আরও জানান, ‘টক্সিক’-এর জন্য কিয়ারা যে পরিমাণ পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ছবির প্রতি তাঁর এই নিষ্ঠার জন্য প্রকাশ্যেই কিয়ারাকে ধন্যবাদ জানান অভিনেতা। এর আগেও ‘টক্সিক’-এর প্রচারে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। ছবির ‘তবাহী’ গান প্রকাশের পর কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয়েছিল। সেই বিতর্কের মধ্যেও ছবির প্রচার অনুষ্ঠানে কিয়ারার পেশাদারিত্বের প্রশংসা করেছিলেন যশ।
সব মিলিয়ে, ‘টক্সিক’-এর শুটিংয়ে কিয়ারার পেশাদারিত্ব যেমন নজর কেড়েছে, তেমনই অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতি যশ ও গোটা টিমের সতর্কতা ও যত্নের কথাও উঠে এসেছে প্রকাশ্যে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.