সলমন খান সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ২০তম সিজন শুরু হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর। নির্মাতারা ইতিমধ্যেই অনুষ্ঠানের সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করেছেন। আর এর পর থেকেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সেই তালিকাতেই এ বার উঠে এসেছে এক চর্চিত নাম—ললিত মোদী(Lalit Modi)। শোনা যাচ্ছে, ‘বিগ বস ২০’-এর নির্মাতারা ললিত মোদীকে অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে আনার বিষয়ে ভাবনাচিন্তা করছেন। যদিও শেষ পর্যন্ত তিনি রিয়্যালিটি শোয়ে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
ললিত মোদী মূলত প্রাক্তন আইপিএল চেয়ারম্যান হিসেবে পরিচিত। পাশাপাশি অভিনেত্রী সুস্মিতা সেন(Sushmita Sen)-এর প্রাক্তন সঙ্গী হিসেবেও তাঁর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমের আলোচনায়। এক সাক্ষাৎকারে সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ককে ‘খুব বিশেষ’ বলে উল্লেখ করেছিলেন ললিত। তাঁর কথায়, সুস্মিতা তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন এবং তাঁকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত দূরত্বই তাঁদের সম্পর্কে ছেদ ফেলে বলে জানিয়েছিলেন ললিত। সুস্মিতা(Sushmita Sen)-র কর্মজীবন মূলত ভারতে এবং ললিতের জীবন লন্ডনে—দুই দেশের দূরত্ব তাঁদের আলাদা হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বলে তাঁর বক্তব্য।
তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। সেই অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করেছিলেন ললিত। তিনি জানিয়েছিলেন, সুস্মিতা নিজেই আর্থিক ভাবে স্বাধীন। এমনকি তাঁরা একসঙ্গে বাইরে গেলে অনেক সময় সুস্মিতাই খরচ করতেন বলেও দাবি করেছিলেন তিনি।
২০২২ সালের জুলাইয়ে ললিত ও সুস্মিতার সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। সে সময় মলদ্বীপ ও সার্ডিনিয়ায় একসঙ্গে কাটানো সময়ের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ললিত। পাশাপাশি সুস্মিতাকে নিজের সঙ্গী হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।
এখন সেই ললিত মোদীর নামই যখন ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছে, তখন স্বাভাবিক ভাবেই দর্শকদের কৌতূহল বেড়েছে। তবে জল্পনা কতটা সত্যি, আর ললিত আদৌ সলমন খানের সঞ্চালনায় এই রিয়্যালিটি শোয়ে পা রাখবেন কি না—তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.