Awarapan 2: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমী অভিনীত ‘আওয়ারাপন ২’। একই দিনে সনী দেওলের ‘বঁটওয়ারা ১৯৪৭’ মুক্তি পেলেও বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে ইমরানের এই ছবি। মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই ৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবির ব্যবসা। তবে সাফল্যের এই গল্পের শুরুটা মোটেই এতটা সহজ ছিল না। প্রযোজক বিশেষ ভট্টের দাবি, ছবিটি তৈরির প্রাথমিক পর্যায়ে কোনও পরিবেশকই ‘আওয়ারাপন ২’ কিনতে আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত নিজেদের অর্থেই ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
ছবিমুক্তির আগে এক সাক্ষাৎকারে বিশেষ ভট্ট বলেন, দর্শক যদি ‘আওয়ারাপন’-এর মতো ছবি দেখতে চান, তা হলে প্রেক্ষাগৃহে গিয়ে সেই ধরনের ছবিকে সমর্থন করাও জরুরি। তাঁর কথায়, দর্শকের চাহিদা সম্পর্কে নিশ্চিত হতে না পারলে নিজের অর্থ বিনিয়োগ করে এমন ছবি তৈরি করা কঠিন। প্রযোজক স্পষ্ট করে জানান, ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) কোনও ‘ক্যাশ গ্র্যাব’ ছবি নয়। তাঁর দাবি, ছবিটি যদি শুধুমাত্র ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে তৈরি করা হত, তা হলে মুক্তির আগেই পরিবেশকেরা সেটি কিনতে আগ্রহী হতেন। কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসেননি। তাই নিজেদের টাকাতেই ছবিটি তৈরি করতে হয়েছে তাঁদের।
তবে ছবি তৈরি হয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষের মতে, ছবিটি সম্পূর্ণ হওয়ার পর বাজারে তা নিয়ে আগ্রহ তৈরি হয়। দর্শক যদি এই ধরনের গল্পকে ভালবাসেন, তা হলে ভবিষ্যতে ‘আওয়ারাপন’-এর মতো আরও ছবি তৈরি করার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তিনি।
‘আওয়ারাপন’ থেকে ‘আওয়ারাপন ২’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমে বক্স অফিসে বড় সাফল্য পায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইমরান হাশমী অভিনীত ছবিটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয় এবং পরে ‘কাল্ট’ ছবির মর্যাদা পায়। প্রায় দুই দশক পর সেই ছবির গল্পের সূত্র ধরেই ফিরেছেন ইমরান। নিতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন ২’-তে ইমরানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবানা আজ়মী এবং দিশা পটানী। প্রথম ছবিতে ছ’টি গুলির আঘাতের পরও বেঁচে যায় ইমরানের চরিত্র শিবম। দ্বিতীয় ছবির গল্প শুরু হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই। একটি শিশুকে উদ্ধার করার পর তার সঙ্গে গভীর ভাবে জড়িয়ে পড়ে শিবম। পরে সে জানতে পারে, শিশুটিকে একটি শিশুপাচার চক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সেই শিশুকে উদ্ধার করার লড়াই ঘিরেই এগিয়েছে ‘আওয়ারাপন ২’-এর গল্প।
মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ২০০৭ সালের প্রথম ছবিটির সর্বকালীন আয়ের রেকর্ড ছাপিয়ে যায়। এরপর শনিবারের ব্যবসাতেও ইমরান হাশমীর একাধিক সফল ছবিকে পিছনে ফেলে দেয় এটি। তালিকায় রয়েছে ‘হক’, ‘রাজ় ২’, ‘এক থি ডায়ন’ এবং ‘জন্নত’। এখনও পর্যন্ত ভারতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যবসা করেছে ‘আওয়ারাপন ২’। বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৭২.৯০ কোটি টাকা।
যে ছবিকে মুক্তির আগে কোনও পরিবেশক কিনতে চাননি, সেই ছবিই এখন বক্স অফিসে তৈরি করেছে সাফল্যের নতুন গল্প। ফলে ‘আওয়ারাপন ২’-এর এই সাফল্য শুধু ইমরান হাশমীর প্রত্যাবর্তনের জন্য নয়, বরং গল্পনির্ভর ছবির প্রতি দর্শকের আগ্রহেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.