Ranojoy Bishnu: বিয়ে ভেঙে যাওয়ার গুঞ্জনের মাঝেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার মুখ খুলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু(Ranojoy Bishnu)। এই জল্পনার পর মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা অনুরোধ করেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন কাটাছেঁড়া না করা হয়। যদিও পরবর্তী সময়ে তাঁর একের পর এক পোস্টে ইঙ্গিত মিলেছে, ব্যক্তিগত জীবনে অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে।
সম্প্রতি ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রণজয়। সেখানে গোধূলির আবহে ঢিলেঢালা পোশাকে নিজের মতো করে সময় কাটাতে দেখা যায় তাঁকে। কখনও নাচছেন, কখনও আবার দু’হাত আকাশের দিকে ছড়িয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা করছেন অভিনেতা।
ভিডিওটির ক্যাপশনেও উঠে এসেছে তাঁর আত্মঅন্বেষণের কথা। রণজয় লিখেছেন, তিনি নিজের বাইরে অর্থ খোঁজা বন্ধ করে দিয়েছেন। হাঁটা, নাচ, নিঃশ্বাস নেওয়া এবং প্রকৃতিকে শোনার মধ্য দিয়ে নিজের আত্মার সঙ্গে কথা বলার অনুভূতির কথাও জানিয়েছেন। তাঁর কথায়, এখন আর কোনও ভয় বা অভিনয় নেই, কাউকে প্রভাবিত করার তাগিদও নেই। নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং নিজের যাপন করার কথা ছিল যে জীবনের সঙ্গে, সেই জীবনেই একাত্ম হতে চান তিনি।
রণজয়ের এই বক্তব্য থেকেই অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে তিনি যথেষ্ট ক্লান্ত। তাই অন্যকে খুশি করার পরিবর্তে এবার নিজের ভাল থাকা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের দিকেই মন দিতে চাইছেন অভিনেতা।
প্রসঙ্গত, রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা ছড়িয়েছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের এক সহ-অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। পাশাপাশি ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, বেশ কিছুদিন ধরেই অভিনেতার ব্যক্তিগত জীবনে অশান্তি চলছিল।
তবে ঠিক কী কারণে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। রণজয়ের সাম্প্রতিক পোস্ট অবশ্য বলছে, আপাতত নিজের শান্তি এবং নিজের সঙ্গে সংযোগ ফিরে পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.