Vastu: বর্ষার মেঘলা আকাশ, কদমফুলের গন্ধ আর রাধাকৃষ্ণের প্রেমলীলা—এই আবহেই আসে ঝুলনযাত্রা। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসবকে রাধা ও কৃষ্ণের বর্ষাকালীন প্রেম ও আবেগের উৎসব হিসেবেই দেখা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে বৃন্দাবন ধামে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই এই উৎসবের সূচনা।
বর্তমানে বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ ভারতের বিভিন্ন প্রান্তে অত্যন্ত ভক্তি ও আনন্দের সঙ্গে ঝুলনযাত্রা পালিত হয়। এমনকি ভারতের বাইরেও বিভিন্ন দেশে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের জনপ্রিয়তা রয়েছে। ভক্তিমূলক গান, কীর্তন, নাচ এবং রাধাকৃষ্ণের দোলনা সাজিয়ে পুজো—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়।
কবে শুরু হচ্ছে ঝুলনযাত্রা ২০২৬?
প্রচলিত নিয়ম অনুযায়ী, একাদশী তিথিতে ঝুলনযাত্রার সূচনা হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে উৎসবের সমাপন ঘটে। চলতি বছর ২৩ অগস্ট, রবিবার শ্রীশ্রী ঝুলনযাত্রার সূচনা হবে।
তবে বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথির সময়ের সামান্য পার্থক্য রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
একাদশী তিথি শুরু:
বাংলা তারিখ—৫ ভাদ্র, শনিবার
ইংরেজি তারিখ—২২ অগস্ট, শনিবার
সময়—রাত ২টো ২ মিনিট
একাদশী তিথি শেষ:
বাংলা তারিখ—৬ ভাদ্র, রবিবার
ইংরেজি তারিখ—২৩ অগস্ট, রবিবার
সময়—ভোর ৪টে ১৯ মিনিট
এই পঞ্জিকা অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটের মধ্যে গান্ধর্বাচরিত এবং প্রদোষকালে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩৫ মিনিটের মধ্যে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ হবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী
একাদশী তিথি শুরু:
বাংলা তারিখ—৪ ভাদ্র, শনিবার
ইংরেজি তারিখ—২২ অগস্ট, শনিবার
সময়—রাত ১টা ৫৭ মিনিট ৪১ সেকেন্ড
একাদশী তিথি শেষ:
বাংলা তারিখ—৫ ভাদ্র, রবিবার
সময়—রাত ৩টে ৫৯ মিনিট ২২ সেকেন্ড
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, সকাল ৯টা ৩১ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে গান্ধর্বাচরিত এবং রাতে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ হবে।
কবে শেষ হবে ঝুলনযাত্রা?
চলতি বছর ২৮ অগস্ট, শুক্রবার ঝুলনযাত্রার সমাপন হবে। অর্থাৎ ২৩ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত রাধাকৃষ্ণের ঝুলনলীলা, ভক্তিগীতি, কীর্তন ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আবহ থাকবে।
রাধাকৃষ্ণের প্রেমলীলার সঙ্গে জড়িয়ে ঝুলনযাত্রা
ঝুলনযাত্রার মূল আকর্ষণ রাধা ও কৃষ্ণের দোলনা। বর্ষার মনোরম পরিবেশে বৃন্দাবনের কুঞ্জবনের আবহ তৈরি করে ফুল, পাতা ও নানা সাজসজ্জায় দোলনা সাজানো হয়। সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলনায় বসিয়ে ভক্তরা দোল দেন এবং গান-কীর্তনের মাধ্যমে তাঁদের আরাধনা করেন।
Vastu: সদর দরজার বাইরে জুতো রাখেন? বাস্তুমতে কোথায় রাখা সবচেয়ে শুভ
তাই ঝুলনযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বৈষ্ণব ভাবধারায় এটি রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি ও আনন্দের এক বিশেষ প্রকাশ। বছরের এই সময়টায় তাই নবদ্বীপ, মায়াপুর থেকে বৃন্দাবন—বিভিন্ন বৈষ্ণব তীর্থে ঝুলনযাত্রাকে ঘিরে তৈরি হয় বিশেষ উৎসবের আবহ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.