Mouni Roy: সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর নতুন সিজ়ন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘বিগ বস্ ২০’। যদিও এখনও পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় একের পর এক তারকার নাম উঠে আসছে। সেই তালিকায় এ বার যুক্ত হল ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম।
সূত্রের খবর, ‘বিগ বস্ ২০’-তে প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জন্য মৌনী রায়কে প্রস্তাব দিয়েছেন অনুষ্ঠানের নির্মাতারা। তবে সেই প্রস্তাবে অভিনেত্রী এখনও সম্মতি দিয়েছেন কি না, তা নিশ্চিত নয়। তাঁকে শো-তে নিয়ে আসতে নির্মাতারা যথেষ্ট আগ্রহী বলেই শোনা যাচ্ছে। এমনকি মৌনীকে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার জন্যও তাঁরা প্রস্তুত বলে খবর।
বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত মৌনী ‘বিগ বস্’-এর ঘরে প্রবেশ করবেন কি না, তা জানা যাবে আনুষ্ঠানিক ঘোষণা হলেই।

মৌনীকে ঘিরে এই খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এক নেটাগরিকের মতে, মৌনী ‘বিগ বস্’-এর মতো অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যথেষ্ট বড় তারকা। তাঁর হাতে একাধিক কাজ রয়েছে। তবে তিনি সত্যিই শো-তে এলে অনুষ্ঠান আরও জমজমাট হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে।
অন্য দিকে, অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে শোনা যাচ্ছে। তাঁদের প্রসঙ্গে এক নেটাগরিক মন্তব্য করেছেন, মৌনী এবং জেনিফার—দু’জনেই যথেষ্ট জনপ্রিয়। তাই তাঁদের মতো তারকার ‘বিগ বস্’-এ আসার প্রয়োজন নেই বলেই তাঁর মত।
মৌনী ছাড়াও ‘বিগ বস্ ২০’-এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আরও কয়েক জন তারকার নাম নিয়ে জল্পনা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন মাহী ভিজ, গীতা বসরা, জন্নত জ়ুবের, সুনীল পাল এবং শৌভিক চক্রবর্তী। পাশাপাশি ললিত মোদীর নামও আলোচনায় এসেছে।
তবে জল্পনা যতই তুঙ্গে থাকুক, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কারও নামই নিশ্চিত নয়। আগামী ৬ সেপ্টেম্বর ‘বিগ বস্ ২০’-এর পর্দা উঠলে তবেই জানা যাবে, শেষ পর্যন্ত কারা প্রবেশ করছেন ‘বিগ বস্’-এর ঘরে। এই সিজ়নেও সঞ্চালকের ভূমিকায় থাকছেন সলমন খান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.