মা হওয়ার পর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই একরত্তি সন্তানকে নিয়ে পারিবারিক উদযাপনে মাতলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। প্রথমবার ছেলেকে প্রকাশ্যে এনে ছবি ভাগ করে নিতেই অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
গত ২৭ মার্চ চিত্রাঙ্গদা ও সম্বিত চট্টোপাধ্যায়ের পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান। মা হওয়ার এক মাস পর সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়েছিলেন চিত্রাঙ্গদা। সদ্যোজাতের হাতের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, বিশ্ব থিয়েটার দিবসেই জীবনের অন্যতম সেরা উপহার পেয়েছেন তাঁরা। সন্তানের নাম রাখা হয়েছে ইনকা।
এবার মায়ের জন্মদিনের আয়োজনে দেখা গেল ছোট্ট ইনকাকে। হালকা রঙের পোশাকে একরত্তির মাথাভর্তি চুল নজর কেড়েছে নেটিজেনদের। কখনও মায়ের কোলে, আবার কখনও উপুর হয়ে মায়ের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। প্রথমবার প্রকাশ্যে ঋতাভরীর বোনপোকে দেখে খুশি ভক্তরাও।
মা হিসেবে প্রথম জন্মদিনের অনুভূতি জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন চিত্রাঙ্গদা। তিনি লিখেছেন, মা হওয়ার পর জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হল—একজন নারী যখন সন্তানকে জন্ম দেন, তখন তাঁর নিজের মধ্যেও যেন নতুন এক সত্তার জন্ম হয়। তাই এই জন্মদিন শুধু তাঁর নিজের নয়, তাঁর মায়েরও।
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিত্রাঙ্গদা আরও লেখেন, বহু বছর আগে যে বাড়িতে সম্বিতের বন্ধু হয়ে এসেছিলেন, সেই বাড়িতেই আজ পরিবারের একজন হয়ে নিজের প্রথম জন্মদিন কাটাচ্ছেন তিনি। মাতৃত্ব তাঁকে বুঝিয়েছে, জীবনে অনেক মানুষের প্রয়োজন নেই; প্রয়োজন শুধু নিজের মানুষগুলির।
জন্মদিনের শেষে জীবনে কী অর্জন করেছেন, তার হিসাব করতে গিয়ে চিত্রাঙ্গদার কাছে সবচেয়ে বড় সম্পদ তাঁর পরিবার। স্বামী সম্বিত, কাছের মানুষজন এবং সবচেয়ে বড় উপহার তাঁর ছোট্ট ইনকা—এই নিয়েই এখন তাঁর পৃথিবী। মা হওয়ার পর প্রথম জন্মদিন তাই অভিনেত্রীর কাছে নিঃসন্দেহে হয়ে উঠেছে স্মরণীয় এক দিন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.