রান্নার পোড়া গন্ধে টেকা দায়? রুম ফ্রেশনার নয়, সহজ এই উপায়েই দূর করুন দুর্গন্ধ

রান্না করতে গিয়ে অসাবধানতাবশত প্যান বা কড়ার তলা পুড়ে যেতেই পারে। কিন্তু খাবার সরিয়ে ফেললেও বিপদ শেষ হয় না। পোড়া খাবারের তীব্র গন্ধ রান্নাঘর পেরিয়ে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। অনেকেই সেই গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার ব্যবহার করেন। তবে তাতে দুর্গন্ধ পুরোপুরি দূর হয় না, বরং নানা গন্ধ মিশে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
তাই গন্ধ ঢাকার বদলে কীভাবে দ্রুত তা দূর করবেন, জেনে নিন কয়েকটি সহজ উপায়।

প্রথমেই ঘরে বাতাস চলাচল করান
পোড়া গন্ধ দূর করার প্রথম কাজ হল তার উৎস সরিয়ে ফেলা এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করা। রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন। এক্সহস্ট ফ্যান থাকলে চালিয়ে দিন। প্রয়োজনে একটি স্ট্যান্ড ফ্যান জানালার দিকে মুখ করে রাখুন। এতে ঘরের ভেতরের গন্ধযুক্ত বাতাস দ্রুত বাইরে বেরিয়ে যেতে সাহায্য করবে।

পরিষ্কার করুন পোড়া পাত্র
পোড়া পাত্রে গন্ধ আটকে থাকতে পারে। তাই রান্না সরিয়ে নেওয়ার পর পাত্রটি ভালোভাবে পরিষ্কার করুন। ভিনিগার বা লেবু ব্যবহার করতে পারেন। জলে কয়েক টুকরো লেবুর রস মিশিয়ে পাত্র পরিষ্কার করলে পোড়া গন্ধ কমাতে সাহায্য করতে পারে।

বেকিং সোডা হতে পারে উপকারী
রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছোট বাটিতে বেকিং সোডা রেখে দিতে পারেন। এটি আশপাশের দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে। পোড়া পাত্রের দাগ পরিষ্কার করতেও বেকিং সোডা ও জলের পেস্ট ব্যবহার করা যেতে পারে।

খাবার পুড়তে শুরু করলে কী করবেন?

পাত্রের নীচে খাবার পুড়ে যাচ্ছে বুঝতে পারলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল—খাবার নাড়াচাড়া করবেন না। এতে পোড়া অংশের সঙ্গে ভালো খাবারও মিশে যেতে পারে।
বরং উপরের ভালো অংশটি ধীরে ধীরে তুলে অন্য একটি পরিষ্কার পাত্রে রাখুন। পাত্রের তলার পোড়া অংশ যেন কোনওভাবেই মিশে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

পোড়া স্বাদ কমানোর চেষ্টা করুন
তরকারি বা গ্রেভির স্বাদে হালকা পোড়া ভাব চলে এলে খাবারের ধরন অনুযায়ী সামান্য জল, টমেটো, লেবুর রস বা তেঁতুল ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন হলে অল্প চিনি বা গুড় দিয়েও স্বাদের ভারসাম্য ফেরানোর চেষ্টা করা যায়।
গ্রেভি বা মাংসের পদে অল্প দই, দুধ বা ক্রিম মেশালে কখনও কখনও পোড়া স্বাদের তীব্রতা কমানো সম্ভব।

বেশি পুড়ে গেলে নতুন গ্রেভি তৈরি করুন
তরকারি বেশি পুড়ে গেলে ভালো অংশটুকু আলাদা করে পরিষ্কার পাত্রে তুলে নিন। এরপর সামান্য পেঁয়াজ, টমেটো ও মশলা দিয়ে নতুন করে গ্রেভি তৈরি করে তার সঙ্গে ভালো অংশটি মিশিয়ে নিতে পারেন।

ভাত পুড়ে গেলে কী করবেন?

ভাতের তলায় পোড়া গন্ধ হলে দ্রুত উপরের ভালো ভাত তুলে অন্য পাত্রে রাখুন। নিচের পোড়া অংশটি নাড়াচাড়া করবেন না। পোড়া অংশসহ পাত্রটি নামিয়ে রেখে ঠান্ডা হতে দিন। ভালো ভাতের সঙ্গে পোড়া অংশ মিশে গেলে পুরো ভাতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে।

জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা যাচ্ছে না? উপশমে সাহায্য করতে পারে এই ৭ হালকা ব্যায়াম

রান্নাঘরে এমন ছোটখাটো বিপত্তি দক্ষ রাঁধুনিরও হতে পারে। তাই ভয় বা বিরক্ত না হয়ে দ্রুত পোড়া অংশ আলাদা করা এবং গন্ধের উৎস পরিষ্কার করাই সবচেয়ে জরুরি। গন্ধ ঢাকার বদলে উৎসটি সরাতে পারলেই সমস্যা অনেকটাই কমে যাবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক