অপেক্ষার অবসান। রবিবার সন্ধ্যায় জমজমাট গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানের মঞ্চে একে একে প্রতিযোগীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন সঞ্চালক ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই অন্যতম প্রতিযোগী হিসেবে নজর কাড়লেন প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল।
মঞ্চে সোহিনীর সঙ্গে কথোপকথনের সময় স্বাভাবিকভাবেই উঠে আসে তাঁর বাবা তাপস পালের প্রসঙ্গ। বাবার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতার কন্যা। চোখে জল নিয়েই বাবার বলা একটি কথা মনে করিয়ে দেন সোহিনী। তিনি বলেন, “বাবা বলতেন, অবস্থা বুঝে ব্যবস্থা।”
তবে শুধু বাবার ভালো কাজের কথাই নয়, তাঁর জীবনের ভুল নিয়েও খোলাখুলি কথা বলতে দেখা যায় সোহিনীকে। বিগ বসের মতো কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন, সেই প্রসঙ্গে বাবার প্রসঙ্গ টেনে সোহিনী বলেন, “বাবা অনেক ভালো কাজ করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।”
আরও পড়ুন,
‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি’! ছড়িয়ে পড়া ‘আপত্তিকর’ ভিডিয়ো নিয়ে উদ্বেগ প্রকাশ শালিনী পাণ্ডের
সোহিনীর এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও সরাসরি কোনও প্রসঙ্গের নাম উল্লেখ করেননি তিনি, তবুও তাঁর কথায় ইঙ্গিত মিলেছে বাবার জীবনের বিতর্কিত অধ্যায়ের দিকে। বিশেষ করে তাপস পালের রাজনীতিতে যোগদান নিয়ে অতীতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সোহিনীর মন্তব্যে সেই প্রসঙ্গই যেন ফের সামনে এসেছে।
আরও পড়ুন,
‘বড় ফাঁড়া থেকে বাঁচলাম’, শুটিংয়ের মাঝে আচমকা চোখে চোট আরাত্রিকার, কী ঘটেছিল?
‘বিগ বস বাংলা’র ঘরে এবার সোহিনীকে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রায় তিন মাস একটি বন্ধ পরিসরে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে থাকতে হবে তাঁদের। মতের অমিল, সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে বিভিন্ন টাস্ক—সবকিছুর মধ্যেই নিজেকে টিকিয়ে রাখার লড়াই চলবে। শেষ পর্যন্ত যিনি সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে পারবেন, তাঁর মাথাতেই উঠবে বিজয়ীর মুকুট।
এবারের প্রতিযোগীদের তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত মুখ। সোহিনী ছাড়াও বিগ বস বাংলার ঘরে রয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা, ইনফ্লুয়েন্সর নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, টেলি অভিনেতা নন্দিনী দত্ত, জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস, আলেকজান্দ্রা টেলর, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী এবং সৃজলা গুহ।
গ্র্যান্ড ওপেনিংয়েই বাবাকে স্মরণ করে সোহিনীর আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এবার বিগ বসের ঘরে নিজের পরিচয় তৈরি করতে তাপস পালের কন্যা কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে দর্শক।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.