দুর্যোগের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির বারবারই রেখেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোভিড মহামারির সময় থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি পেয়েছেন ‘মসিহা’ তকমা। এবার ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপালের মানুষের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। প্রিয়জন হারানোর শোকের পাশাপাশি বন্যাকবলিত মানুষের সামনে দেখা দিয়েছে খাবার, ওষুধ এবং নিরাপদ পানীয় জলের সংকট। এমন পরিস্থিতিতেই নেপালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সোনু সুদ।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়েছিলেন, নেপালকে একা ছেড়ে দেওয়া হবে না। খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গত মানুষ যাতে ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য পুনর্বাসনের ব্যবস্থাও করার আশ্বাস দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার দুপুরে ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর সদস্যদের সঙ্গে নিয়ে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে পৌঁছন সোনু সুদ। বিমানবন্দরে সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে অভিনেতা জানান, বন্যাদুর্গত মানুষের সঙ্গে দেখা করতেই তাঁর এই সফর। ভারত থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রীও নিয়ে গিয়েছেন তিনি।
সোনুর সঙ্গে নিয়ে যাওয়া ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার। শুধু নিজেরা ত্রাণ বিলি করেই থামতে চান না অভিনেতা। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রকৃত প্রয়োজন কী, সেটিও খতিয়ে দেখছে তাঁর টিম। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে আরও সামগ্রী পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন,
‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে বডি শেমিং, নায়িকার পাশে দাঁড়িয়ে কড়া জবাব শিবালিকার
কাঠমাণ্ডুতে দাঁড়িয়ে সোনু বলেন, প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। একইসঙ্গে তিনি জানান, ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ ত্রাণ পৌঁছে দিতে বিপুল লোকবলের প্রয়োজন হয়।
আরও পড়ুন,
হড়পা বানে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, এবার মহামারীর আশঙ্কায় আতঙ্কিত নেপাল
তবে সমস্যাকে সামনে রেখে পিছিয়ে যেতে নারাজ অভিনেতা। তাঁর কথায়, শুধু এই মাসেই নয়, নেপালের মানুষের ক্ষত না শুকোনো পর্যন্ত আগামী কয়েক মাসও ত্রাণ সহায়তা চালিয়ে যাবেন তাঁরা।

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের মানুষের পাশে সোনু সুদের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে। দুর্যোগের মুহূর্তে তাঁর এই মানবিক পদক্ষেপ ফের একবার অনুরাগীদের মনে ‘মসিহা’ হিসেবে তাঁর ভাবমূর্তিকে আরও দৃঢ় করল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.