মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত বাড়ছে জলস্তর। ক্যাচমেন্ট এলাকায় টানা বৃষ্টি এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে অতিরিক্ত জল আসায় পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বার্তা অনুযায়ী, মাইথন জলাধার থেকে প্রতি সেকেন্ডে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অর্থাৎ দুই জলাধার মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এই মোট জল ছাড়ার পরিমাণের মধ্যে প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা এবং শিল্পাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।
ডিভিসির তরফে জানানো হয়েছে, দুই জলাধারের ক্যাচমেন্ট এলাকায় অতিরিক্ত বৃষ্টির জেরে জলস্তর ক্রমশ বাড়ছে। পাশাপাশি তেনুঘাট বাঁধ থেকে অতিরিক্ত জল আসায় জলাধারগুলির উপর চাপ আরও বেড়েছে। সেই চাপ সামলাতেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবং তেনুঘাট বাঁধ থেকে জল আসার পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে জল ছাড়ার পরিমাণ পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে।
তবে একসঙ্গে এত বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করার পাশাপাশি প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
বৃষ্টি, ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল, ৬৪ দিনে মৃত ২৫৯! এখনও বন্ধ ১৫০ সড়ক
পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতর, জেলা প্রশাসন এবং আসানসোলের অতিরিক্ত জেলাশাসককে আগাম বার্তা পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
জল ছাড়ার পরিমাণ এবং নদীগুলির জলস্তরের উপর আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে। ফলে নিম্ন দামোদর অববাহিকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.