শুরু হতে না হতেই জমে উঠেছে বিগ বস বাংলা-র নতুন সিজন। এখনও এক সপ্তাহও পেরোয়নি, তার মধ্যেই প্রতিযোগীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল অশান্তি। এবার সেই বিতর্ক আরও বড় আকার নিল অভিনেতা সায়ক চক্রবর্তীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের মতো গুরুতর অভিযোগ তুলেছেন সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত ডাগআউট রুমে। সেখানে থাকা ছয় প্রতিযোগীর জন্য বিগ বসের তরফে তিনটি বিশেষ কাজ দেওয়া হয়েছিল। সেই টাস্ক করতে গিয়েই প্রতিযোগীদের মধ্যে শুরু হয় বচসা। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যায়, ডাগআউটে থাকা কয়েকজন মহিলা প্রতিযোগীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছেন সায়ক। ঘটনাস্থলে ছিলেন তনুশ্রী, মনামী এবং নন্দিনীও। কথার লড়াইয়ের মাঝেই আচমকা উত্তেজিত হয়ে পড়েন জয়িতা। এরপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিগ বসের কাছে বিচার চান তিনি। জয়িতার অভিযোগ, সায়ক তাঁকে আঘাত করেছেন এবং তাঁর সঙ্গে ‘অ্যাবিউজ’ করেছেন।
জয়িতার এই অভিযোগের পরই পাল্টা সরব হন সায়ক। অভিনেতাকে বলতে শোনা যায়, জয়িতা কি আদৌ ‘অ্যাবিউজ’ শব্দটির অর্থ বোঝেন? তিনি প্রশ্ন করেন, ঠিক কখন তিনি জয়িতার গায়ে হাত তুলেছেন। তবে সায়কের এই প্রশ্নের মুখে জয়িতাকে আর কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে দেখা যায়নি।
আরও পড়ুন,
টালিগঞ্জে উত্তমকুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানের সূচনা, নজর কাড়ল ঋতুপর্ণার বিশেষ শাড়ি
প্রকাশ্যে আসা ভিডিয়োর দৃশ্য থেকে ইঙ্গিত মিলছে, টাস্কের কোনও একটি জিনিস নিজেদের দখলে নেওয়া নিয়ে টানাটানির সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সময় সায়কের হাতেও চোট লাগে। তাঁর হাত কেটে রক্ত বেরোতেও দেখা যায় ভিডিয়োয়। ফলে একদিকে অভিনেতার রক্তাক্ত হাত, অন্যদিকে জয়িতার গুরুতর অভিযোগ—সব মিলিয়ে বিগ বসের অন্দরে তৈরি হয়েছে যথেষ্ট উত্তেজনা।
গত ৩০ আগস্ট সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’-র নতুন সিজন। এবারের প্রতিযোগীদের তালিকায় রয়েছেন ভরত কল, মনামী ঘোষ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, নিরঞ্জন মণ্ডল এবং নন্দিনী দত্ত-সহ একাধিক পরিচিত মুখ।
আরও পড়ুন,
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, হিরণের নতুন পোস্ট ঘিরে ফের চর্চায় বিয়ে বিতর্ক
বর্তমানে ডাগআউটে রয়েছেন দীপেন্দু, দুর্নিবার, ঝিলম, তনুশ্রী, সোহিনী পাল এবং জয়িতা। তাঁদের মধ্যে প্রথম চারজনকে ডাগআউটে পাঠিয়েছেন ক্যাপ্টেন ভরত কল। অন্যদিকে সোহিনী ও জয়িতাকে বেছে নিয়েছেন বাড়ির অন্যান্য সদস্যরা।
শো শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এমন গুরুতর অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি কোনও পদক্ষেপ করবে বিগ বস কর্তৃপক্ষ? নিয়মভঙ্গ বা শারীরিক নিগ্রহের অভিযোগ প্রমাণিত হলে সায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর দর্শকদের। ‘বিগ বস বাংলা’ দেখা যাচ্ছে প্রতিদিন রাত সাড়ে ৯টায় স্টার জলসায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.