Sreemoyee: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ ঘিরে কলকাতাজুড়ে এখন উৎসবের আবহ। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর জন্মেছিলেন উত্তম কুমার। তার জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ৩ থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মহানায়ককে শ্রদ্ধা জানাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যেন বসেছিল সত্যিই চাঁদের হাট। বাংলা চলচ্চিত্রের একঝাঁক তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই তারকাখচিত আয়োজনে দেখা গেল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীময়ীর পাশাপাশি টলিউডের অন্যান্য পরিচিত মুখদেরও দেখা যাচ্ছে। ছবিতে সাদা-কালো শাড়িতে শ্রীময়ীর সাজে ছিল একেবারে সাবেকিয়ানা ছোঁয়া। রুপোলি গয়না, পরিপাটি চুলের সাজ এবং কপালে ছোট্ট টিপ! সবমিলিয়ে অনুষ্ঠানের আবহের সঙ্গে বেশ মানানসই তার লুক।
কখনও মুখ্যমন্ত্রীর পাশে, কখনও অন্য তারকাদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, জিৎ, প্রসেনজিৎ , ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, শ্রাবন্তী, আবীর, কাঞ্চন মল্লিক, যীশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়-সহ টলিউডের বহু তারকা ও শিল্পী।
উল্লেখ্য, মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চার দিন ধরে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর পরিকল্পনাও রয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.