সংসারের আর্থিক টানাপোড়েন কিছুটা কমবে, দুই কিশোরী মেয়েকে আরও ভালোভাবে মানুষ করতে পারবেন—এই আশাতেই তামিলনাড়ু থেকে কুয়েতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন বনিতা। কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। কাঁদতে কাঁদতে পাঠানো তাঁর একটি SOS ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওয় বনিতাকে বলতে শোনা যায়, কুয়েতে যাওয়ার পর প্রায় তিন মাস কেটে গিয়েছে। সেখানে পৌঁছনোর পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, নিজের প্রাণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বনিতার আবেদন, তাঁকে যেন দ্রুত উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়। তামিলনাড়ুর কালেক্টর এবং পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাকে উদ্ধার করে আমার মাতৃভূমি ভারতে ফেরত পাঠান। আমি আর সহ্য করতে পারছি না।’’
শুধু শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগই নয়, পারিশ্রমিক না পাওয়ার কথাও জানিয়েছেন বনিতা। তাঁর দাবি, গত দু’মাসের বেতন তাঁকে দেওয়া হয়নি। এমনকী, ৫০ দিনেরও বেশি সময় ধরে ঠিকমতো পেট ভরে খাবারও জোটেনি বলে অভিযোগ তাঁর। আতঙ্কিত বনিতার আশঙ্কা, যে কোনও মুহূর্তে তাঁকে মেরে ফেলা হতে পারে।
https://x.com/indiablooms/status/2095839893004152971
বনিতার এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নজরে আসে কুয়েতে থাকা ভারতীয় দূতাবাসের। দ্রুত পদক্ষেপ করে তাঁকে উদ্ধার করা হয়। পরে আরও একটি ভিডিও প্রকাশ করে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান বনিতা। সেখানে তাঁকে তুলনামূলক স্বস্তিতে দেখা যায়। ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, এখন তিনি ভালো পোশাক পরতে পেরেছেন এবং ভালো খাবারও পেয়েছেন।
আরও পড়ুন,
ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, মুখে কৃষ্ণনাম! জন্মাষ্টমীতে অলৌকিকভাবে উদ্ধার নেপালের ২ কর্মী
মেয়ের বিপদের খবর পেয়ে বনিতার মাও ভিডিও করে তাঁকে উদ্ধার করার আবেদন জানিয়েছিলেন। মেয়েকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় এখন পরিবার। বনিতার ঘরে ফেরার দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিজনেরা।
আরও পড়ুন,
‘শুধু নিজের প্রচার’, নেপালে ত্রাণ বিলি করতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ, দিলেন পালটা জবাবও
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের সন্ধানে যাওয়া ভারতীয় শ্রমিক ও পরিচারিকাদের এমন সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। বিদেশে গিয়ে নির্যাতন, বেতন না পাওয়া কিংবা নিয়োগকর্তার হাতে আটকে পড়ার অভিযোগ প্রায়ই সামনে আসে। এমন পরিস্থিতিতে খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসগুলি উদ্ধার ও দেশে ফেরানোর ক্ষেত্রে পদক্ষেপ করে থাকে। বনিতার ক্ষেত্রেও তেমনই দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.