দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বরাবরই পরিচিত অভিনেতা সোনু সুদ। কোভিডের সময় থেকে শুরু করে একাধিক বিপর্যয়ে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। এবার নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের পরিস্থিতিতেও ত্রাণ নিয়ে সেখানে পৌঁছেছেন অভিনেতা। তবে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়েই সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
দিন কয়েক আগে ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর সদস্যদের নিয়ে নেপালে পৌঁছন সোনু। রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেই বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও শুরু করেন অভিনেতা। সেই সফরের বেশ কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তাঁকে নিশানা করেন এক সাংবাদিক।
সোনুর ত্রাণকাজকে ‘মার্কেটিং’ বলে কটাক্ষ করে ওই সাংবাদিকের অভিযোগ, নেপালে পৌঁছেই অভিনেতা প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন। এমনকী, কাজ শুরু করার আগেই নিজেকে ‘ঈশ্বর’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে এমন মন্তব্যে মেজাজ হারাননি সোনু সুদ। বরং অত্যন্ত শান্তভাবেই ওই সাংবাদিককে জবাব দিয়েছেন অভিনেতা। তাঁকে ‘ভাই’ সম্বোধন করে সোনু লেখেন, ‘আপনি ভালো মানুষ, ভাই! নেপালে চলে আসুন, আমরা দুই ভাই মিলে একসঙ্গে কাজ করব।’ তাঁর এই জবাবই এখন নেটমাধ্যমে প্রশংসা কুড়োচ্ছে।

নেপালে পৌঁছে ত্রাণকাজ প্রসঙ্গে সোনু জানিয়েছিলেন, প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত। তাঁর সংস্থা ইতিমধ্যেই নেপালে কম্বল, খাবার-সহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে গিয়েছে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনের বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। তবে ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো যথেষ্ট চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, এই কাজের জন্য প্রচুর লোকবলের প্রয়োজন হয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে সাহায্য করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
https://x.com/SonuSood/status/2095053147740025070
বিধ্বস্ত নেপালের মানুষের উদ্দেশে সোনুর আশ্বাস, শুধু চলতি মাসেই নয়, ক্ষত না শুকোনো পর্যন্ত আগামী কয়েক মাসও ত্রাণ ও পুনর্বাসনের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। কটাক্ষের জবাবে তাঁর এমন ইতিবাচক মনোভাবই আপাতত নেটিজেনদের একাংশের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন,
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! ত্রিশূলী বাজার থেকে উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.