বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁরা অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন। তবে বঙ্গতনয়া মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। গর্ভবতী অবস্থায় তাঁকে অভিনয় করতে হয়েছিল ধর্ষণের দৃশ্যে। আর সেই দৃশ্যের শুটিং চলাকালীনই আচমকা শুরু হয়েছিল রক্তপাত। প্রাণের ভয় ধরেছিল অভিনেত্রীর। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ১৯৭৪ সালের। মনোজ কুমার পরিচালিত জনপ্রিয় ছবি ‘রোটি কাপড়া অউর মকান’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। ছবিতে সমাজের নানা কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছিল। সেই গল্পেরই অংশ ছিল একটি ভয়াবহ ধর্ষণের দৃশ্য। তখন মৌসুমী অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই দৃশ্যটি নিয়ে শুরু থেকেই আতঙ্কে ছিলেন অভিনেত্রী। কারণ ধর্ষণের দৃশ্যে ধস্তাধস্তির প্রয়োজন ছিল। শুটিংয়ের সময় কোনওভাবে তাঁর গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যায় কি না, সেই আশঙ্কাই তাঁকে তাড়া করছিল।
জানা যায়, একটি আটার গুদামে ওই দৃশ্যের শুটিং হচ্ছিল। চিত্রনাট্য অনুযায়ী, খলনায়ক ও তাঁর সাঙ্গপাঙ্গরা মৌসুমীর চরিত্রকে জোর করে ধরে ফেলে। ধস্তাধস্তির সময় চারপাশে ছড়িয়ে পড়ে প্রচুর আটা। সেই আটায় অভিনেত্রীর চুল ও পোশাক ঢেকে যায়।

কিন্তু আচমকাই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শুটিংয়ের মধ্যেই মৌসুমীর শরীর থেকে রক্তপাত শুরু হয়। ব্যথায় কাতর হয়ে পড়েন অভিনেত্রী। পরিস্থিতি বুঝে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেই ঘটনার কথা বলতে গিয়ে মৌসুমী জানিয়েছিলেন, ভাগ্য ভালো যে তাঁর সন্তানকে হারাতে হয়নি।

সেই সময় মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। ব্যক্তিগত জীবনেও তিনি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর অল্প বয়সেই মাতৃত্বের স্বাদ পান তিনি।

‘রোটি কাপড়া অউর মকান’ মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পায়। ছবির ‘ম্যায় না ভুলুঙ্গা’, ‘হায় হায় ইয়ে মজবুরি’, ‘মহেঙ্গাই মার গ্যাই’-এর মতো গানও বিপুল জনপ্রিয় হয়েছিল। ছবিতে মৌসুমীর পাশাপাশি অভিনয় করেছিলেন জিনাত আমন, শশী কাপুর এবং অমিতাভ বচ্চনের মতো তারকারা।
আরও পড়ুন,
‘শুধু নিজের প্রচার’, নেপালে ত্রাণ বিলি করতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ, দিলেন পালটা জবাবও
তবে ছবির সাফল্যের আড়ালেও মৌসুমীর কাছে থেকে যায় সেই ভয়াবহ শুটিংয়ের স্মৃতি। পর্দায় কয়েক মিনিটের সেই দৃশ্যের নেপথ্যে যে তাঁর জন্য কতটা আতঙ্ক ও শারীরিক যন্ত্রণার মুহূর্ত অপেক্ষা করছিল, সেই অভিজ্ঞতা আজও তাঁকে শিউরে দেয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.