ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! ত্রিশূলী বাজার থেকে উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক

নেপালের ভয়াবহ হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার বিপর্যয়ের মধ্যেও জেগে থাকছে আশার আলো। ধ্বংসস্তূপ ও কাদামাটির নিচ থেকে এখনও উদ্ধার হচ্ছে প্রাণ। এরই মধ্যে ত্রিশূলী বাজার এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।

বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত নেপাল থেকে মোট ১৬৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ২৭৫ জন। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দলগুলি তল্লাশি চালাচ্ছে। নেপাল দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি।

শুক্রবার ত্রিশূলী বাজার থেকে যে তিন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, তাঁদের নাম অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার এবং সমর্থ অভিজিৎ পওয়ার। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে রয়েছে পাঁচ বছরের এক শিশুও। তাঁরা একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে। গত ২৬ অগস্ট ভয়াবহ হড়পা বানের জেরে ত্রিশূলী বাজার কার্যত ভেসে যায়। সেই বিপর্যয়ের পরও কোনওরকমে প্রাণ বাঁচিয়ে এতদিন টিকে ছিলেন তাঁরা। তাঁদের উদ্ধার নতুন করে আশার আলো দেখাচ্ছে।

https://x.com/MEAIndia/status/2095892425621537135

রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে নিখোঁজ ভারতীয়দের বিষয়ে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোনও নিখোঁজ ব্যক্তির সন্ধান মিললেই সেই তথ্য দ্রুত জানানো হচ্ছে। পাশাপাশি বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও চালিয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে, বিপর্যয়ের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুক্রবার বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নিখোঁজের তালিকায় থাকা মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

আরও পড়ুন,
ক্ষত না শুকোনো পর্যন্ত নেপালে ত্রাণ, কাঠমাণ্ডু পৌঁছে বড় বার্তা সোনু সুদের

ওলির বক্তব্য, হড়পা বানের প্রবল স্রোতে বহু মানুষ কোথায় ভেসে গিয়েছেন, তার কোনও হদিশ পাওয়া সম্ভব হয়নি। চিতওয়ান এবং ভারত-নেপাল সীমান্ত এলাকাতেও বহু মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানান তিনি। ফলে নিখোঁজদের অনেকেই আর বেঁচে নেই বলে আশঙ্কা তাঁর। ওলি আরও সতর্ক করে বলেছেন, হিমবাহের খুব সামান্য অংশ ভেঙেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বড় কোনও অংশ ভেঙে পড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন,
ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, মুখে কৃষ্ণনাম! জন্মাষ্টমীতে অলৌকিকভাবে উদ্ধার নেপালের ২ কর্মী

এদিকে, এখনও পর্যন্ত নেপালে প্রায় ১,৩০০টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একদিকে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের খবর—দুইয়ের মাঝেই চলছে নেপালের ঘুরে দাঁড়ানোর লড়াই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক