টলিউডে ফের জোর গুঞ্জন অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী। যদিও মিমির আপ্ত সহায়ক এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি, তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, নভেম্বরে আইনি বিয়ে করতে পারেন মিমি, এরপর ডিসেম্বর মাসে কালিম্পংয়ে বসতে পারে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর। তবে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মিমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। প্রেম করছেন কি না, সেই প্রশ্ন উঠলেও কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা জানাননি অভিনেত্রী। এবার জল্পনার কেন্দ্রে উঠে এসেছে তাঁর হবু স্বামীর পরিচয়ও। জানা যাচ্ছে, তাঁর নাম সিদ্ধার্থ এবং তিনি নৌসেনায় কর্মরত।
চমকপ্রদ বিষয় হল, এতদিন নাকি সোশ্যাল মিডিয়াতেই উপস্থিত ছিলেন মিমির হবু বর। ২০২৫ সালের পুজোর সময় টলিপাড়ার বন্ধুদের সঙ্গে মিমির একটি ছবিতে সিদ্ধার্থকেও দেখা গিয়েছিল বলে খবর। তখন অবশ্য কেউই আন্দাজ করতে পারেননি যে, ওই ব্যক্তিই ভবিষ্যতে মিমির জীবনসঙ্গী হতে চলেছেন। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই এতদিন বিষয়টি এড়িয়ে গিয়েছেন মিমি। কখনও বলেছেন, কাজ আর পোষ্যদের নিয়েই তাঁর দিব্যি সময় কেটে যাচ্ছে। অবসর সময়ে রান্না করা কিংবা গাছ লাগানোর মতো কাজেই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি। কিন্তু সেই ব্যস্ত জীবনের মাঝেই যে বিশেষ একজন তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা এতদিন ছিল একেবারেই গোপন।
মিমির প্রেমজীবন নিয়ে এর আগে সবচেয়ে বেশি চর্চা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে। ২০১২ সালে রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির শুটিংয়ের সময় তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে জানা যায়। এরপর রাজের পরিচালনায় ‘যোদ্ধা’ এবং ‘কাটমুণ্ডু’-তেও কাজ করেন মিমি।

তবে প্রায় তিন বছরের সম্পর্কের পর ২০১৫ সালের দিকে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০১৮ সালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন রাজ। সময়ের সঙ্গে পুরনো তিক্ততা ভুলে দু’জনেই স্বাভাবিক সম্পর্কে ফিরেছেন। এমনকি রাজ-শুভশ্রীর সন্তান জন্মের পর শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছিলেন মিমি। জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন। এরপর মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
এরপর বড় পর্দায় ‘বাপি বাড়ি যা’ দিয়ে যাত্রা শুরু। ‘প্রলয়’, ‘খাদ’, ‘যোদ্ধা’, ‘গল্প হলেও সত্যি’, ‘পোস্ত’, ‘রক্তবীজ’, ‘ড্রাকুলা স্যার’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী।
আগামী দিনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতেও দেখা যেতে পারে মিমিকে। তবে এই মুহূর্তে তাঁর অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে একটাই প্রশ্ন—সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি? আর যদি বসেন, কনের সাজে প্রিয় অভিনেত্রীকে দেখতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আপাতত সেই উত্তর সময়ই দেবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.