‘বিগ বস বাংলা’-র ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। রাজবীর দে এবং জীতু কমলের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর বদলে গিয়েছে ঘরের সমীকরণ। তার মধ্যেই নতুন করে ছড়িয়েছে আরও এক চাঞ্চল্যকর খবর। টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস নাকি এবার ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করতে পারেন!
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সারপ্রাইজ ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢুকতে পারেন ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ। যদিও এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে শেষ পর্যন্ত অভিনেতা সত্যিই প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
তবে সৌরভের সম্ভাব্য এন্ট্রির পাশাপাশি চলতি সপ্তাহের এলিমিনেশন নিয়েও রয়েছে বড় চমক। শোনা যাচ্ছে, এবার একজন নয়, দু’জন প্রতিযোগীকে বিদায় নিতে হতে পারে। অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে হতে পারে ডাবল এলিমিনেশন।
দর্শকদের একাংশের মতে, প্রথমে বিদায় নিতে পারেন বিদেশিনী প্রতিযোগী অ্যালেক্সজান্দ্রা ওরফে অ্যালেক্স। সম্প্রতি রাজবীরকে ‘গরিব’ বলে কটাক্ষ করার অভিযোগ ঘিরে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছিল। তাঁর বিভিন্ন মন্তব্য ও আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের একাংশ। সেই কারণেই অ্যালেক্সের এলিমিনেশনের জল্পনা আরও জোরালো হয়েছে।

অন্যদিকে, সায়ক চক্রবর্তীকে নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। দর্শকদের একাংশের দাবি, শুরু থেকেই তাঁর খেলায় তেমন আগ্রাসন বা সক্রিয়তা দেখা যাচ্ছে না। অন্যান্য প্রতিযোগীরা যেখানে নিজেদের জায়গা পাকা করতে নানা ভাবে নজর কাড়ছেন, সেখানে সায়কের উপস্থিতি তুলনামূলক ভাবে অনেকটাই ম্লান বলে মনে করছেন অনেকে। তাই রবিবারের এলিমিনেশনে তাঁর নামও উঠে আসছে।
তবে ‘বিগ বস’-এর ঘরে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়া নতুন কিছু নয়। ফলে সৌরভ দাসের সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি এবং অ্যালেক্স ও সায়কের সম্ভাব্য বিদায়—এই জল্পনার কোনটি শেষ পর্যন্ত সত্যি হয়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.