অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সমুদ্রসৈকতে স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি। আর সেই ছবির সঙ্গে অভিনেত্রীর লেখা একটি ছোট্ট ক্যাপশনই উসকে দিয়েছে নতুন জল্পনা।
শ্রুতি লিখেছেন, ‘গল্পের নতুন মোড়’। ব্যস, এই কয়েকটি শব্দেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি তাঁদের দাম্পত্য জীবনে আসতে চলেছে নতুন কোনও অধ্যায়?
ছবিগুলিতে শ্রুতিকে দেখা গিয়েছে লাল শাড়ি ও লাল-সাদা ব্লাউজে। খোঁপায় বাঁধা চুল, কানে ঝুমকো এবং কপালে বড় লাল টিপ—অভিনেত্রীর সাজে ছিল বাঙালি কনের ছোঁয়া। অন্যদিকে স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। সমুদ্রের নীল জলরাশির সামনে তাঁদের রোম্যান্টিক মুহূর্তগুলি নজর কেড়েছে অনুরাগীদের।
তবে শুধু সাজপোশাক বা ছবির রসায়নই নয়, পুরো আয়োজনের থিমও বেশ তাৎপর্যপূর্ণ। শ্রুতির ব্লাউজের পেছনে সুতোর কারুকাজে দেখা গিয়েছে কনে-বউয়ের মুখাবয়ব। শাড়ির পাড়েও ছিল টোপরের নকশা। পাশাপাশি সমুদ্রসৈকতে কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছিল ছাদনাতলার মতো একটি সেট।
সেখানেই বাংলায় লেখা ছিল ভালোবাসা ও একসঙ্গে পথ চলার কথা—‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে… তোমার হাত ধরে পথ চলার এই তো প্রথম অধ্যায়। বাকি গল্পটা লেখা হবে একসাথে, সারাজীবন ধরে।’
এই আয়োজন এবং শ্রুতির রহস্যময় ক্যাপশন দেখেই অনুরাগীদের একাংশ মনে করছেন, হয়তো এবার সামাজিকভাবে বিয়ের পর্ব সারতে পারেন শ্রুতি-স্বর্ণেন্দু। যদিও অভিনেত্রী নিজে এখনও এমন কোনও ঘোষণা করেননি। ফলে ‘গল্পের নতুন মোড়’ আসলে কীসের ইঙ্গিত, তা নিয়ে আপাতত জল্পনাই চলছে।

উল্লেখ্য, শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার ২০২৩ সালের ৯ জুলাই আইনি রেজিস্ট্রির মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়েতে মালাবদল ও সিঁদুরদানের পর্বও ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছিল। বিয়ের পর তাঁদের বয়সের ব্যবধান নিয়েও নানা সময়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে সেই সব বিতর্ককে পিছনে ফেলে নিজেদের মতো করেই সংসার করছেন এই তারকা দম্পতি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.