‘বিগ বস বাংলা’র ঘরে নন্দিনী দত্ত ও রাজবীর দে-র সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই একই বিছানায় ঘুমাতে দেখা যায় দু’জনকে। ক্যামেরায় তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েছে। তবে রাজবীরের সঙ্গে সৃজলা গুহর কথাবার্তা নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে নন্দিনীর।
সম্প্রতি ঘরের একটি দৃশ্যে আলো নিভে যাওয়ার পর রাজবীরের সঙ্গে সৃজলাকে নিয়ে কথা বলতে শোনা যায় নন্দিনীকে। তাঁর প্রশ্ন, সৃজলার সঙ্গে রাজবীরের কথাবার্তা কেন তাঁর কাছে স্বাভাবিক বলে মনে হয় না। নন্দিনী বলেন, সৃজলার সঙ্গে রাজবীরের কথার ধরন তাঁর কাছে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় না।
এরপর রাজবীর তাঁকে প্রশ্ন করেন, তিনি কি তাহলে সৃজলার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন? উত্তরে নন্দিনী বলেন, “ওর তো স্টেবল বয়ফ্রেন্ড আছে, তাও কেন তোমার সঙ্গে…।” পালটা রাজবীর জানান, সৃজলার প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই।
কথোপকথনের এক পর্যায়ে সৃজলার আচরণ নিয়েও মন্তব্য করেন নন্দিনী। তাঁর দাবি, সৃজলা কখনও দুর্নিবার, কখনও জিতু আবার কখনও রাজবীরের সঙ্গে মেশেন এবং বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেলে।
প্রসঙ্গত, বিগ বসের ঘরে আসার পর রাজবীর প্রথম দিকে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন বলেই দেখা গিয়েছিল। এমনকি একসময় সৃজলাকে সরাসরি নিজের পছন্দের কথাও জানিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীকালে নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা বাড়ে। বর্তমানে তাঁদের সম্পর্কই ঘরের অন্যতম আলোচিত সমীকরণ।
রাজবীরের সঙ্গে সৃজলার কথাবার্তা নিয়ে নন্দিনীর এই আপত্তির দৃশ্য প্রকাশ্যে আসার পর ফের আলোচনায় তাঁদের সম্পর্ক। দর্শকদের একাংশের মতে, রাজবীরকে নিয়ে নন্দিনীর মধ্যে নিরাপত্তাহীনতার প্রকাশ দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে নন্দিনী বা রাজবীরের পক্ষ থেকে নতুন কোনও আনুষ্ঠানিক মন্তব্য এখনও সামনে আসেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.