অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে যাওয়ার পর থেকেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা গোবিন্দা। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় জল্পনা চলছে। তার মধ্যেই একসঙ্গে গণপতি দর্শনে যাওয়ার ছবি ও খবর সামনে আসতেই সেই আলোচনা আরও বেড়েছে।
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি মুম্বই বিমানবন্দরে গোবিন্দাকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করতেও দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি অভিনেতা অনুপম খেরও বিষয়টি নিয়ে গোবিন্দাকে পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। অভিনেত্রী কাশ্মীরাও তাঁর মামাশ্বশুরকে কটাক্ষ করতে ছাড়েননি। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন গোবিন্দা। কোমল রানির সঙ্গে লালবাগচা যাওয়ার কারণ হিসেবে নিজের আগামী ছবি ‘রূপা’র কথা উল্লেখ করেছেন অভিনেতা। তাঁর দাবি, ছবিতে কোমল তাঁর সহ-অভিনেত্রী। তাই নতুন ছবির সাফল্য কামনা করতেই তাঁরা একসঙ্গে গণপতির আশীর্বাদ নিতে গিয়েছিলেন।
শুধু তাই নয়, গোবিন্দা জানিয়েছেন, সহ-অভিনেত্রীর সঙ্গে মন্দিরে যাওয়ার ঘটনা তাঁর কাছে নতুন নয়। অতীতেও করিশ্মা কাপুর এবং রবীনা ট্যান্ডনের সঙ্গে ছবি মুক্তির আগে মন্দিরে গিয়েছেন তিনি। তাঁর কথায়, করিশ্মার সঙ্গে মন্দিরে যাওয়ার পর সেই ছবি সফল হয়েছিল। রবীনার সঙ্গেও একইভাবে মন্দিরে গিয়ে দর্শকদের পছন্দের ছবি পেয়েছিলেন তাঁরা।
গোবিন্দার বক্তব্য, “সকলে এমন একটা আচরণ করছেন যেন মনে হচ্ছে বিরাট কিছু একটা ঘটে গিয়েছে। আমি ‘রূপা’ ছবির জন্য প্রার্থনা করছিলাম। এর আগে করিশ্মার সঙ্গেও গিয়েছিলাম। সেটা আমার জন্য খুবই সৌভাগ্যের ছিল। আমাদের ছবি হিটও হয়েছিল। রবীনার সঙ্গেও মন্দিরে গিয়েছি। সেই ছবিও দর্শক দারুণ পছন্দ করেছিল। এবার রানি (কোমল রানি)-র সঙ্গে গিয়েছি। শুধু আশীর্বাদ চেয়েছি।”

সমালোচকদের উদ্দেশেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা। গোবিন্দার কথায়, “জানি না, মানুষের এত কষ্ট কেন? ছবি যখন শুরু হচ্ছে তখনই কেন এত আলোচনা? আমি যদি জনপ্রিয়তা অর্জন করি তাতে আপনাদের সমস্যাটা ঠিক কোথায়?”
নতুন ছবি মুক্তির আগে তারকারা সহ-অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়া বলিউডে নতুন ঘটনা নয়। সেই উদাহরণ টেনেই কোমলের সঙ্গে তাঁর গণপতি দর্শনকে ব্যাখ্যা করেছেন গোবিন্দা। তবে তাঁর এই বক্তব্যের পরও তাঁদের সম্পর্ক নিয়ে চলা জল্পনায় আপাতত ইতি পড়ে কি না, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.