Mushtaq Khan Death: বলিউড অভিনেতা মুশতাক খানের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৫৬ বছর বয়সে জীবনাবসান হয়েছে জনপ্রিয় এই অভিনেতার। তবে তাঁর মৃত্যুর ঘটনায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন অভিনেতা রাজপাল যাদব। কারণ, মৃত্যুর মাত্র ঘণ্টা দুয়েক আগেই হাসপাতালে গিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই শেষ সাক্ষাতের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অসুস্থ মুশতাক খান। তাঁর মুখে স্পষ্ট অসুস্থতার ছাপ। পাশে দাঁড়িয়ে বন্ধুকে সাহস দিচ্ছেন রাজপাল যাদব। তাঁকে বলতে শোনা যায়, “ফুসফুস, হার্ট সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি।” শারীরিকভাবে অত্যন্ত দুর্বল থাকলেও রাজপালের হাত শক্ত করে ধরে ছিলেন মুশতাক। বন্ধুর কথা মন দিয়ে শুনছিলেন এবং সাড়াও দিচ্ছিলেন তিনি।
কিন্তু সেই সাক্ষাৎ যে তাঁদের শেষ দেখা হয়ে যাবে, তা কেউই ভাবতে পারেননি। মুশতাকের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নিজের শোকের কথা জানান রাজপাল। তিনি লেখেন, দুপুরে হাসপাতালে গিয়ে মুশতাকের সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে দেখেই মুশতাক রাজপালের হাত ধরেছিলেন। মাত্র দুই ঘণ্টা আগে যাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন, তিনি যে আর নেই—তা এখনও বিশ্বাস করতে পারছেন না বলেও জানান অভিনেতা।
মুশতাকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে রাজপাল আরও জানান, ঈশ্বরের এই কঠিন সিদ্ধান্তের কাছে সবাইকে মাথা নত করতে হয়।
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মুশতাক খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় অভিনেতার।
দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন মুশতাক খান। ‘ওয়েলকাম’-এর মতো সুপারহিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। কমেডি কিংবা গম্ভীর—বিভিন্ন ধরনের চরিত্রে স্বল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ ফেলতে পারতেন তিনি। তাঁর অকাল প্রয়াণে বলিউডে তৈরি হয়েছে গভীর শূন্যতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.