Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ঢুকেই রাজবীরকে সতর্ক করলেন অনুষ্কা, নিশানায় কি নন্দিনী?

‘বিগ বস বাংলা’-র ঘরে ফের নতুন চমক। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এবার ঘরে প্রবেশ করলেন অভিনেত্রী অনুষ্কা ঘোষ। তাঁর আচমকা প্রবেশে রীতিমতো চমকে যান ঘরের অন্যান্য প্রতিযোগীরা। তনুশ্রী থেকে সোনামণি—অনুষ্কাকে হঠাৎ সামনে দেখে অনেকেই অবাক হয়ে যান। তবে ঘরে ঢোকার পর এক মুহূর্তও নষ্ট করেননি নতুন প্রতিযোগী। শুরু করে দেন সহ-প্রতিযোগীদের খেলা নিয়ে নিজের মতামত জানানো।

ঘরে প্রবেশ করেই দীপেন্দু এবং রাজবীরকে জড়িয়ে ধরেন অনুষ্কা। এরপর একে একে প্রতিযোগীদের খেলার ধরন নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। জীতুর অভিনয়ের প্রশংসা করেন তিনি। দুর্নিবারকে বলেন, তিনি খুব মিষ্টি একজন মানুষ। দীপেন্দুর খেলারও প্রশংসা করেন অনুষ্কা। পাশাপাশি তাঁর পরামর্শ, ঘরের ভিতরে যে ঘটনাগুলি ঘটছে, সেগুলি নিয়ে দীপেন্দুর আরও বেশি করে নিজের মতামত প্রকাশ করা উচিত। তনুশ্রীর খেলাতেও মুগ্ধ অনুষ্কা। তাঁর কথায়, নিজের খেলায় তনুশ্রী রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন গোটা ঘর।

তবে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে রাজবীরকে দেওয়া অনুষ্কার মন্তব্য ঘিরে। রাজবীরের খেলার প্রশংসা করলেও তাঁকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন নতুন প্রতিযোগী। অনুষ্কা বলেন, “রাজবীর ভালো খেলছ। তুমি কারও পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।” অনুষ্কার কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়তেও দেখা যায় রাজবীরকে।

কিন্তু প্রশ্ন উঠছে, রাজবীরকে কার পাল্লায় না পড়ার পরামর্শ দিলেন অনুষ্কা? বিগ বসের ঘরে বর্তমানে নন্দিনী এবং রাজবীরের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ফলে অনুষ্কার এই মন্তব্যের পরই দর্শকদের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে, তবে কি নন্দিনীকেই ইঙ্গিত করলেন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী? যদিও অনুষ্কা সরাসরি কারও নাম নেননি।

এর আগে ‘দাদার দরবার’-এ এসে নিজের খেলা এবং বিগ বসের ঘর নিয়ে মতামত জানিয়েছিলেন অনুষ্কা। সেখানে তিনি বলেছিলেন, তাঁর কাছে খেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মানবিকতা। পাশাপাশি সহ্য করার ক্ষমতার কথাও জানিয়েছিলেন তিনি। রাজবীর দে-কে তিনি এই ঘরের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবেও মনে করেন। ফলে আগামী দিনে অনুষ্কা এবং রাজবীরের মধ্যে সরাসরি টক্কর দেখা যায় কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগীর প্রবেশে ‘বিগ বস বাংলা’-র অন্দরমহলের সমীকরণ কতটা বদলায়, এখন সেদিকেই নজর দর্শকদের।

অনুষ্কার প্রবেশের পর কি নতুন কোনও জোট তৈরি হবে? রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোবে? আর নন্দিনী-রাজবীরের সমীকরণেই বা এর কোনও প্রভাব পড়বে কি না—এই প্রশ্নগুলির উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক