বিগ বস বাংলার ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রতিযোগীদের মধ্যে বিবাদ ও সম্পর্কের টানাপোড়েন। তবে সম্প্রতি সৃজলা গুহর চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ছাপিয়ে গিয়েছে বাকি সবকিছুকে। টাস্ক চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বড়সড় শারীরিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়। এই ঘটনার পর নন্দিনীর বাবা-মাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায় সৃজলার পরিবারের কাছে। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন সৃজলার দিদি লিমা। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে সৃজলার শারীরিক আঘাতের গভীরতা সম্পর্কে কথা বলতে গিয়ে লিমা জানান, তাঁর বোনের চোট মোটেই সামান্য ছিল না। পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতাও হারাতে পারতেন অভিনেত্রী। লিমার কথায়, “মা হওয়ার ক্ষমতা যেতে পারত, সেটাও কিন্তু একচুয়ালি অনেকটাই পসিবিলিটি ছিল। ১৯-২০-র জন্য হয়নি, কিন্তু সত্যি হতে পারত।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, সৃজলা নিজের চোট নিয়ে কোনও ভুল তথ্য দেননি। বরং অভিনেত্রী যে যথেষ্ট গুরুতর আঘাত পেয়েছিলেন, সেই বিষয়টিই তুলে ধরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই মন্তব্য ঘিরে বিগ বসের দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনার পর নন্দিনীর বাবা-মা প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন সৃজলার পরিবারের কাছে। তাঁদের এই পদক্ষেপকে সম্মান জানিয়েছেন লিমা। তাঁর মতে, নন্দিনীর বাবা-মা অত্যন্ত সম্মানীয় মানুষ। তাঁরা যেভাবে এগিয়ে এসে ক্ষমা চেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ সৃজলার পরিবার। তবে ক্ষমা চাওয়া আর আগের মতো সম্পর্ক ফিরে পাওয়া যে এক বিষয় নয়, তা স্পষ্ট করে দিয়েছেন লিমা। তাঁর কথায়, “ক্ষমা চেয়েছেন তার জন্য খুবই গ্রেটফুল। কিন্তু ক্ষমাও করে দিই যদি, ভোলাটা সম্ভব হয় না। সৃজলার বিশ্বাসটা চলে গিয়েছে নন্দিনীর ওপর থেকে।” অর্থাৎ, নন্দিনীর পরিবারের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখলেও সৃজলার মনে তৈরি হওয়া ক্ষত যে সহজে মুছে যাবে না, সেই ইঙ্গিতই দিয়েছেন তাঁর দিদি।
গুরুতর চোট পাওয়ার পর বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল সৃজলার সামনে। কিন্তু সেই পথ বেছে না নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বোনের এই মানসিক দৃঢ়তায় গর্বিত লিমা। তাঁর মতে, সৃজলা বরাবরই লড়াকু মানসিকতার মানুষ। বিগ বসের ঘরে সৃজলার প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন তিনি। লিমার কথায়, “ওখানে যেরকমভাবে ও কামব্যাক করেছে, ভাবিনি ওরকমভাবে কামব্যাক করবে।” চোটের পরও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সৃজলার এই চেষ্টা যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য। বর্তমানে ফিজিয়োথেরাপি ও চিকিৎসার মধ্য দিয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
বিগ বসের ঘরে সৃজলার আচরণ নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে নানা মত। কেউ তাঁর লড়াকু মানসিকতার প্রশংসা করছেন, আবার কারও মতে, অভিনেত্রীর মধ্যে কিছুটা অহংকার রয়েছে। এই সমালোচনার জবাব দিয়েছেন লিমা। তাঁর বক্তব্য, সৃজলার কোনও মুখোশ নেই। তিনি বরাবরই কম কথা বলতে পছন্দ করেন। আর সেই স্বভাবের কারণেই অনেকে তাঁকে ভুল বোঝেন। লিমার মতে, সৃজলার মনে যা থাকে, মুখেও তাই থাকে। অর্থাৎ, বোনের আচরণ নিয়ে ওঠা সমালোচনার সঙ্গে একমত নন তিনি। অন্যদিকে, বিগ বসের ঘরে নিরঞ্জনের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়েও কথা বলেছেন তাঁর দিদি। প্রথমদিকে নিরঞ্জনকে মানসিকভাবে যথেষ্ট সমর্থন দিয়েছিলেন সৃজলা। কিন্তু পরবর্তী সময়ে নিরঞ্জনের আচরণে পরিবর্তন দেখে হতাশ হয়েছেন লিমা।

সব মিলিয়ে, সৃজলার চোট, নন্দিনীর পরিবারের ক্ষমা প্রার্থনা এবং প্রতিযোগীদের বদলে যাওয়া সম্পর্ক—সবকিছু নিয়েই এখন সরগরম বিগ বস বাংলার অন্দরমহল। শারীরিক আঘাত সামলে সৃজলা কতটা এগিয়ে যেতে পারেন, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদেরও। শেষ পর্যন্ত এই কঠিন লড়াইয়ে তিনি কতটা সফল হন এবং ট্রফি জয়ের দৌড়ে কোথায় পৌঁছন, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.