দুর্গাপুজো মানেই নতুন পোশাক, পছন্দের শাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়া এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। কিন্তু আনন্দের মাঝে খাবার খেতে গিয়ে সাধের শাড়িতে তেঁতুল জল, এগরোলের সস কিংবা অন্য কোনও খাবারের দাগ লেগে গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। বিশেষ করে দামি শাড়িতে দাগ লাগলে তা তোলা নিয়ে চিন্তা বাড়ে। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে বাড়িতেই দাগ পরিষ্কার করার চেষ্টা করতে পারেন। এর জন্য সব সময় ড্রাই ওয়াশের প্রয়োজন হয় না। কীভাবে পরিষ্কার করবেন শাড়ির দাগ?
১. ভিনিগার দিয়ে তুলুন দাগ
কাপড়ের দাগ পরিষ্কার করার জন্য ভিনিগার ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে সমপরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দাগ লাগা অংশে অল্প করে লাগান। তারপর নরম কাপড় বা তুলো দিয়ে আলতো হাতে জায়গাটি মুছে নিন। এরপর ঠান্ডা জলে ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি তুলে ফেলুন। সব শেষে শাড়িটি ভালোভাবে শুকিয়ে নিন।
তবে মনে রাখবেন, সব ধরনের কাপড়ে ভিনিগার ব্যবহার করা নিরাপদ নয়। তাই সরাসরি দাগের উপর লাগানোর আগে শাড়ির এমন কোনও অংশে পরীক্ষা করে নিন, যা সহজে চোখে পড়ে না।
২. বেকিং সোডার সাহায্য নিন
শাড়িতে খাবারের দাগ লাগলে বেকিং সোডাও ব্যবহার করার কথা অনেকে বলে থাকেন। সামান্য বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর দাগের উপর অল্প পরিমাণে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জলে ভেজানো নরম কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করার চেষ্টা করুন।
তবে বেকিং সোডা সব ধরনের কাপড়ের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে সিল্ক, জরির কাজ করা বা দামি শাড়িতে এটি ব্যবহার করলে কাপড়ের ক্ষতি হতে পারে। তাই শাড়ির ধরন না জেনে এই পদ্ধতি প্রয়োগ না করাই ভালো।
শাড়ির দাগ পরিষ্কারের সময় মাথায় রাখুন কয়েকটি বিষয়
শাড়িতে দাগ লাগলে যত দ্রুত সম্ভব পরিষ্কারের ব্যবস্থা করুন। দাগ শুকিয়ে গেলে তা তোলা কঠিন হতে পারে। তবে দাগ তুলতে গিয়ে জোরে ঘষাঘষি করবেন না। এতে কাপড়ের বুনন, রং কিংবা সূক্ষ্ম কাজ নষ্ট হয়ে যেতে পারে।

ভিনিগার বা বেকিং সোডা ব্যবহারের আগে শাড়ির অদৃশ্য কোনও অংশে পরীক্ষা করে নিন। রং উঠে আসছে কি না, কিংবা কাপড়ের কোনও পরিবর্তন হচ্ছে কি না, তা খেয়াল করুন। সিল্ক, বেনারসি, জরির কাজ করা এবং অন্যান্য দামি শাড়ির ক্ষেত্রে বাড়িতে পরীক্ষা-নিরীক্ষা না করে পেশাদার ড্রাই ক্লিনারের সাহায্য নেওয়াই ভালো।
পুজোর আনন্দে শাড়িতে দাগ লাগতেই পারে। কিন্তু তাড়াহুড়ো করে ভুল পদ্ধতিতে পরিষ্কার করতে গেলে শাড়ির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই কাপড়ের ধরন বুঝে সাবধানে দাগ পরিষ্কার করুন, যাতে সাধের শাড়ির সৌন্দর্য অটুট থাকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.