‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও প্রেম, কখনও মান-অভিমান, আবার কখনও তুমুল ঝগড়া—সব মিলিয়ে ক্রমশ জমে উঠছে রিয়্যালিটি শোয়ের লড়াই। একসময় একে অপরের প্রেমে মজেছিলেন রাজবীর দে ও নন্দিনী। কিন্তু এখন তাঁদের সম্পর্কেই যেন বাড়ছে দূরত্ব। সামান্য বিষয় নিয়েই কথায় কথায় বচসায় জড়িয়ে পড়ছেন দু’জনে। এমনকী, এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। অন্যদিকে, মনামী গুহর প্রতি জীতু কামালের ক্ষোভও প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও শুরু হয়েছে চর্চা।
রাজবীর ও নন্দিনীর সম্পর্কের মধ্যে অশান্তির অন্যতম কারণ সৃজলা গুহ। শুরুতে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিলেন রাজবীর। পরবর্তীকালে নন্দিনীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও সৃজলাকে নিয়ে নন্দিনীর অস্বস্তি পুরোপুরি কাটেনি। ফলে সৃজলার সঙ্গে রাজবীরের কথা বলা নিয়েই বারবার অশান্তি তৈরি হচ্ছে তাঁদের মধ্যে।
সম্প্রতি সৃজলার সঙ্গে রাজবীরের কথাবার্তাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা কাটাকাটি থেকে শুরু হওয়া ঝামেলা একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায়। যে দু’জনকে একসময় ‘লাভ বার্ডস’ হিসেবে দেখা যেত, তাঁদের এমন আচরণ দেখে অবাক দর্শকরা।
শুধু সৃজলাকে কেন্দ্র করেই নয়, জীতুকে নিয়েও রাজবীর ও নন্দিনীর মধ্যে অশান্তি দেখা গিয়েছে। লাক্সারি বাজেট টাস্ক চলাকালীন এই দুই প্রতিযোগীর মধ্যে ফের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, একে অপরকে কথা শোনাতে গিয়ে বাবা-মায়ের প্রসঙ্গও টেনে আনেন তাঁরা। ফলে তাঁদের সম্পর্কের টানাপোড়েন আরও একবার প্রকাশ্যে চলে আসে।
যে সম্পর্কের শুরুতে ছিল ঘনিষ্ঠতা ও ভালোবাসার প্রকাশ, সেখানে এখন বারবার ঝগড়া ও মনোমালিন্যই নজর কাড়ছে। আগামী দিনে রাজবীর-নন্দিনীর সম্পর্ক কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার। এদিকে, লাক্সারি বাজেট টাস্কে মনামী গুহর প্রতি জীতু কামালের ক্ষোভও নজরে এসেছে। টাস্ক চলাকালীন মনামীকে বল দিয়ে জোরে আঘাত করেন জীতু। আঘাত পেয়ে মনামী ব্যথা প্রকাশ করলে তাঁকে তা নিয়েও কটূক্তি করতে শোনা যায় বলে অভিযোগ। জীতুর এমন আচরণ ঘিরে প্রতিযোগীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

দর্শকদের একাংশও এই ঘটনা ভালোভাবে নেননি। সোশাল মিডিয়ায় জীতুর আচরণের সমালোচনা করেছেন অনেকে। টাস্কের উত্তেজনার মধ্যে প্রতিযোগীদের এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সব মিলিয়ে, ‘বিগ বস বাংলা’র ঘরে একদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে মনামীর সঙ্গে জীতুর সংঘাত—দুই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে। আগামী পর্বগুলিতে এই অশান্তির রেশ কতটা গড়ায়, সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.