‘সারাদিন স্ক্রিপ্টেড কথা বলা অসম্ভব’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কোন অভিজ্ঞতার কথা জানালেন ভরত কল?

প্রায় দু’মাসের সফরে ইতি টেনে ‘বিগ বস বাংলা’র বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অভিনেতা ভরত কল। লক্ষ্মীপুজোর দিনই শেষ হয়েছে তাঁর এই রিয়্যালিটি শোয়ের যাত্রা। দীর্ঘদিন পরিবার থেকে দূরে মুম্বইয়ে বিগ বসের বাড়িতে কাটানোটা যে খুব একটা সহজ ছিল না, তা স্বীকার করেছেন অভিনেতা। তবে এই অভিজ্ঞতা থেকে পাওয়া ভালো স্মৃতিগুলোকেই সঙ্গে রাখতে চান তিনি। শো থেকে বেরিয়ে এসে সহ-প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক এবং বিগ বসের বাড়িতে কাটানো নানা অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন ভরত।

বিগ বসের বাড়িতে থাকাকালীন স্ত্রী জয়শ্রী ও মেয়ে আরিয়ার কথা বারবার মনে পড়ত অভিনেতার। বিশেষ করে দুর্গাপুজোর সময় পরিবারের সঙ্গে থাকতে না পারার আক্ষেপ ছিল তাঁর। তবে সহ-প্রতিযোগী দুর্নিবারের কথা ভেবে নিজেকে সামলেছেন ভরত। তাঁর কথায়, দুর্নিবারের ছোট্ট সন্তান রয়েছে। সে যদি সন্তানকে ছেড়ে এত দিন থাকতে পারে, তা হলে তিনিও পারবেন। প্রতিযোগীদের নানা খেলা, গান, আড্ডা ও মজার মধ্যে দিয়েই কেটে গিয়েছে পুজোর দিনগুলো।

শো থেকে বেরিয়ে এসে কারও বিরুদ্ধে কোনও তিক্ততা রাখতে চান না অভিনেতা। মনামী, সৃজলা, নন্দিনী ও জীতুর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো বলেই জানিয়েছেন তিনি। এমনকী, প্রথম সপ্তাহে তনুশ্রীর সঙ্গে যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিও এখন মিটে গিয়েছে। ভরত জানিয়েছেন, তনুশ্রী তাঁর জন্য আলাদা করে রান্না করে দিতেন। তিনি ঝাল খেতে পারেন না বলে তাঁর জন্য ঝাল ছাড়া খাবারও তুলে রাখতেন তনুশ্রী। তাই বিগ বসের বাড়িতে ঘটে যাওয়া মনোমালিন্যকে এখন আর গুরুত্ব দিতে চান না অভিনেতা। তাঁর মতে, সবটাই ছিল গেমের অংশ। তবে বিগ বসের বাড়িতে কাটানো দু’মাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন ভরত। বিশেষ করে মোবাইল ফোন ছাড়া থাকার অভ্যাস তাঁকে নতুন করে ভাবিয়েছে। অভিনেতার ইচ্ছা, বাড়ি ফিরে এসেও যদি কিছুদিন সেই অভ্যাস ধরে রাখা যায়, তা হলে ভালো হয়। এ প্রসঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের উদাহরণও দিয়েছেন তিনি। পাশাপাশি সময় মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব নেওয়া এবং অন্যদের সঙ্গে মানিয়ে চলার মতো বিষয়ও শিখেছেন এই অভিজ্ঞতা থেকে।

বিগ বসের বাড়িতে প্রতিদিনের জীবনও ছিল বেশ কঠিন। সেখানে নিজের খাবার তৈরি করা থেকে শুরু করে বাসন ধোয়া, সব কাজই করতে হয়েছে প্রতিযোগীদের। লাক্সারি বাজেট গেমে পয়েন্ট অর্জন করতে না পারলে পরবর্তী খাবার পাওয়াও কঠিন হয়ে পড়ত। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং নিয়ম মেনে সমস্ত কাজ শেষ করার অভ্যাস তৈরি হয়েছে তাঁর। এই দু’মাসে প্রায় আট কেজি ওজনও কমেছে অভিনেতার। সেটাকেও ইতিবাচক দিক হিসেবেই দেখছেন তিনি।

বর্তমানে বিগ বসের খেলা দ্বিতীয়ার্ধে প্রবেশ করেছে। ফিনালের দিকে যত এগোচ্ছে প্রতিযোগিতা, ততই বাড়ছে উত্তেজনা। ভরতের মতে, দুর্নিবার, জীতু, মনামী, রাজবীর ও সোনামণির মতো প্রতিযোগীরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। বিশেষ করে সোনামণির খেলার প্রশংসা করেছেন তিনি। প্রথমদিকে নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এখন বেশ ভালো খেলছেন তিনি বলে মনে করেন ভরত। অন্যদিকে, বিগ বস নিয়ে বরাবরই একটি প্রশ্ন ওঠে, এই রিয়্যালিটি শো কি আদৌ স্ক্রিপ্টেড? এই অভিযোগ একেবারেই মানতে নারাজ অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য, একজন অভিনেতা সারাদিন কাজ করে বাইশ পাতার স্ক্রিপ্ট পড়তে পারেন ঠিকই, কিন্তু সারাদিন ধরে স্ক্রিপ্ট মেনে কথা বলা অসম্ভব। তাই শোয়ের সমস্ত কথাবার্তা আগে থেকে সাজানো, এমন ধারণা ঠিক নয় বলেই মনে করেন তিনি।

করবা চৌথের দিন সলমন-ঐশ্বর্যার পুরনো ছবি পোস্ট! প্রাক্তন প্রেমের স্মৃতি উসকে দিয়ে বিতর্কে সঞ্জয় লীলা ভন্সালীর সংস্থা
করবা চৌথের দিন সলমন-ঐশ্বর্যার পুরনো ছবি পোস্ট! প্রাক্তন প্রেমের স্মৃতি উসকে দিয়ে বিতর্কে সঞ্জয় লীলা ভন্সালীর সংস্থা

আপাতত বাড়ি ফিরে কয়েক দিন বিশ্রাম নিতে চান ভরত। পাশাপাশি আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ফের কাজে ফিরবেন অভিনেতা। বিগ বসের বাড়ি ছাড়লেও সেখানকার অভিজ্ঞতা যে তাঁর জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক