মাত্র ২১ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন মীরা রাজপুত। ২০১৫ সালে বলিউড অভিনেতা শহিদ কাপুরের সঙ্গে বিয়ের পর ২০১৬ সালেই তাঁদের জীবনে আসে প্রথম সন্তান মিশা। অল্প বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে কখনও কি মনে প্রশ্ন জেগেছে? সম্প্রতি এই বিষয়েই মুখ খুললেন মীরা। স্পষ্ট জানিয়ে দিলেন, এত কম বয়সে মা হওয়া নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই।
সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের জনপ্রিয় টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মীরা। সেখানেই মাতৃত্ব, সংসার এবং সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে কারিনা জানতে চান, জীবনের এত অল্প বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে মীরা কি কখনও অন্যভাবে ভাবতে চেয়েছেন? উত্তরে মীরা জানান, একেবারেই না। তাঁর কথায়, জীবনের যে বয়সেই মাতৃত্ব আসুক না কেন, সন্তানকে বড় করে তোলা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। কারিনা ও তিনি জীবনের আলাদা সময়ে মা হলেও মাতৃত্বের দায়িত্ব এবং মানসিক চাপ দুজনের কাছেই সমান গুরুত্বপূর্ণ।
মীরা জানান, সন্তান জন্মের পর নতুন দায়িত্ব সামলাতে তাঁকে অনেকটাই সাহায্য করেছিলেন স্বামী শহিদ কাপুর। তাঁর কথায়, শহিদ অত্যন্ত সহযোগিতাপরায়ণ। সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে স্বামীর সমর্থন তাঁকে অনেকটা আত্মবিশ্বাস জুগিয়েছে। মা হওয়ার পর সন্তানকে কীভাবে বড় করবেন, তা জানতে কোনও বিশেষ বইয়ের সাহায্য নেননি মীরা। বরং তাঁর দুই দিদির সন্তান মানুষ করার অভিজ্ঞতা থেকেই অনেক কিছু শিখেছিলেন। তাঁদের দেখেই মাতৃত্বের নানা দিক সম্পর্কে ধারণা তৈরি হয়েছিল তাঁর।
সন্তানদের সঙ্গে বয়সের ব্যবধান কম হওয়ার একটি বিশেষ সুবিধার কথাও তুলে ধরেন মীরা। তাঁর মতে, কম বয়সে মা হওয়ার কারণে সন্তানদের চিন্তাভাবনা এবং মনের কথা বুঝতে তাঁর সুবিধা হয়। মেয়ে মিশার প্রসঙ্গ টেনে মীরা বলেন, যখন মিশার বয়স ২১ বছর হবে, তখন তাঁর নিজের বয়স হবে মাত্র ৪১। ফলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো সময় কাটানো এবং তার মনের কথা বোঝা তাঁর পক্ষে অনেক সহজ হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিয়ে করেন শহিদ কাপুর ও মীরা রাজপুত। তাঁদের দুই সন্তান—মেয়ে মিশা এবং ছেলে জেন। অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও নিজের পরিচিতি তৈরি করেছেন মীরা। সম্প্রতি স্কিনকেয়ার ব্র্যান্ড ‘অ্যাকাইন্ড বিউটি’ নিয়েও নতুন উদ্যোগ শুরু করেছেন তিনি। এই অনুষ্ঠানের আরও একটি দিক নজর কেড়েছে দর্শকদের। একদিকে কারিনা কাপুর খান, অন্যদিকে তাঁর প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। দুজনের এমন সাবলীল ও বন্ধুত্বপূর্ণ কথোপকথন স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় আগ্রহ তৈরি করেছে।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন কারিনা। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা। সেখানে একজন দক্ষ পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় নিয়েও আলোচনা হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.