টিকল না দ্বিতীয় বিয়েও! মাত্র চার বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা কণিকা কাপুর। ‘বেবি ডল’ গানটির মাধ্যমে দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০২২ সালে লন্ডনে গৌতম হাথিরামানির সঙ্গে রাজকীয়ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণিকা। কিন্তু বিয়ের চার বছর কাটতে না কাটতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর প্রকাশ্যে এনেছেন গায়িকা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান কণিকা। সেখানে তিনি লেখেন, অনেক ভাবনাচিন্তা ও আলোচনার পর তিনি এবং তাঁর স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও জানিয়েছেন তিনি। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের জন্য স্বামীকে শুভেচ্ছাও জানিয়েছেন গায়িকা।
তবে কণিকা ও গৌতমের সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। তাঁদের পরিচয় প্রায় ১৫ বছরেরও বেশি সময়ের। প্রথমে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ধীরে ধীরে কণিকার প্রতি ভালোবাসা তৈরি হয় গৌতমের। জানা যায়, ২০১৪ সাল নাগাদ প্রথমবার কণিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় রাজি হননি গায়িকা। এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন গৌতম। দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসার টানেই শেষ পর্যন্ত তাঁর প্রস্তাবে সম্মতি জানান কণিকা। ২০২২ সালে লন্ডনে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা।
একসময় গৌতমের পরিবারের ভালোবাসা ও সহযোগিতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন কণিকা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শুধু গৌতম নন, তাঁর পরিবারের প্রত্যেকেই কণিকাকে আপন করে নিয়েছিলেন। কিন্তু এত বছরের পরিচয় এবং ভালোবাসার সম্পর্কও শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হল না। চার বছরের মাথায় দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হল গায়িকাকে।
উল্লেখ্য, কণিকা কাপুরের জীবনে এই প্রথম বিচ্ছেদ নয়। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে সংসার শুরু করেন কণিকা। তাঁদের তিন সন্তানও রয়েছে। পরবর্তীকালে সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

এরপর ২০১২ সালে সঙ্গীতজগতে পা রাখেন কণিকা। তবে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘বেবি ডল’ গানটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে ফের সম্পর্ক ভাঙার খবর সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.