অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে সহকর্মীরাও। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রণজয়। ভাইফোঁটার দিনই বাড়ি ফিরেছেন অভিনেতা।
বাড়ি ফেরার পর পরিবারের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রণজয়। পাশাপাশি নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন তিনি। অভিনেতা জানান, সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং প্রার্থনার জেরেই অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। মধ্যমগ্রামের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গেও দেখা হয়েছে তাঁর।
তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রণজয়। অভিনেতার কথায়, শরীর এখনও বেশ দুর্বল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েক দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আপাতত নিজের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
অসুস্থতার কারণে গত কয়েক দিন সোশ্যাল মিডিয়া থেকেও দূরে ছিলেন অভিনেতা। হাসপাতালের নিয়মকানুন এবং শারীরিক সমস্যার জন্য অনুরাগীদের ফোন ও মেসেজের উত্তর দিতে পারেননি। সেই কারণে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন, বিশেষ করে পরিবারের সদস্য, বোন এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রণজয়।
প্রসঙ্গত, অসুস্থ শরীর নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। গত শনিবার প্রচণ্ড জ্বর নিয়েই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারছিলেন না। শুটিং শেষ করে বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের উদ্যোগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরায় স্বস্তিতে রণজয়ের অনুরাগীরা। এখন অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.