মিঠুনের মুকুটে নয়া পালক, সাম্মানিক ডি লিট উপাধিতে সম্মানিত হচ্ছেন ‘মহাগুরু’! অভিনয় জগতে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। বাংলা থেকে হিন্দি, দুই চলচ্চিত্র জগতেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এ বার সেই বর্ণময় কেরিয়ারে যুক্ত হতে চলেছে আরও এক সম্মান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট উপাধিতে ভূষিত করা হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
আগামী ৯ ডিসেম্বর, বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বসবে এই বিশেষ অনুষ্ঠানের আসর। ইতিমধ্যেই সমাবর্তন ঘিরে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। ওই অনুষ্ঠানেই মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে সাম্মানিক ডি লিট সম্মান।
তবে শুধু মিঠুন নন, আরও দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মানে ভূষিত করবে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে দেওয়া হবে সাম্মানিক ডি এসসি উপাধি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি এসে পৌঁছেছে। সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হবে শংসাপত্র। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হবে এই সাম্মানিক ডিগ্রি।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর অভিনয় জীবন যেন এক বর্ণময় অধ্যায়। কখনও ‘ডিস্কো ড্যান্সার’, কখনও ‘ফাটাকেষ্ট’, আবার কখনও ‘মহাগুরু’—বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। বাংলা ও হিন্দি ছবিতে তাঁর অবদান অনস্বীকার্য। বয়স ৭৬ ছুঁলেও অভিনয়ের প্রতি তাঁর উদ্যমে এতটুকু ভাটা পড়েনি।
চলচ্চিত্র জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন মিঠুন। একই বছরে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারও পান তিনি। এ বার সেই সম্মানের তালিকায় যুক্ত হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট। নিঃসন্দেহে অভিনেতার দীর্ঘ ও সফল কেরিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে এই স্বীকৃতি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
