টলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীর আগমন। এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়ের মেয়ে শামিয়ানা। মায়ের পথ অনুসরণ করেই ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছে সে। আর প্রথম ছবিতেই কাজের সুযোগ পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। পরিচালক অতনু রায়ের আসন্ন ঐতিহাসিক ছবি ‘ফাতমা’-র হাত ধরেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই কিশোরীর।
১৯৮৬ সালে পরিচালক তপন সিনহার ‘আতঙ্ক’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন শতাব্দী রায়। প্রায় চার দশক পর এবার তাঁর মেয়ে শামিয়ানার অভিনয়ে অভিষেক হতে চলেছে। শতাব্দী রায় ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের কন্যা শামিয়ানা বর্তমানে মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ছবিতে তাকে দেখা যাবে কিশোরী জুবেদার চরিত্রে। পরিচালক অতনু রায়ের এই ছবির গল্প আবর্তিত হয়েছে ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচিত ফাতমা বেগমকে ঘিরে। ফাতমার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক জুবেদার ভূমিকায় দেখা যাবে আনন্দরূপা চক্রবর্তীকে। আর জুবেদার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে শামিয়ানা।
উল্লেখ্য, ফাতমা বেগমের দ্বিতীয় কন্যা ছিলেন জুবেদা। নির্বাক চলচ্চিত্রের যুগেই অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে ১৯৩১ সালে ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’-তে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন জুবেদা। তাঁর জীবন ও চলচ্চিত্রের যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে এই ছবিতে। ছবিটি নির্মিত হচ্ছে ফাতমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক ফ্যান্টাসি ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘অরোরা ফিল্মস’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অথচ বিস্মৃতপ্রায় নারী ব্যক্তিত্বের জীবনকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরাই এই ছবির অন্যতম উদ্দেশ্য।
শামিয়ানার অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা সেনগুপ্তও। অভিনেত্রীর কথায়, শতাব্দীর মেয়েকে জুবেদার চরিত্রে অভিনয় করতে দেখে তাঁর খুব ভালো লাগছে। অতীতে একাধিক ছবিতে শতাব্দীর সঙ্গে কাজ করেছেন তিনি। এমনকী ‘ওম শান্তি’ ছবিতে শতাব্দী তাঁকে পরিচালনাও করেছিলেন। এবার তাঁর মেয়ের অভিনয় জীবনের প্রথম যাত্রার সাক্ষী হতে পেরে খুশি ঋতুপর্ণা। অন্যদিকে, মেয়ের অভিনয়ে আসা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন শতাব্দী রায়। তাঁর কথায়, শামিয়ানার অভিনয়ের ইচ্ছা রয়েছে, তবে তাঁর ছেলে অভিনয় নিয়ে একেবারেই আগ্রহী নয়। তিনি চান, শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, বরং নিজের প্রতিভা ও যোগ্যতায় অভিনয় জগতে জায়গা করে নিক শামিয়ানা। পাশাপাশি ফাতমা বেগমের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবন সম্পর্কে নতুন প্রজন্মের মানুষ এই ছবির মাধ্যমে জানতে পারবেন বলেও আশাবাদী তিনি।
প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শামিয়ানাও। মায়ের অভিনীত একাধিক ছবি দেখেই ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে তার। ভবিষ্যতেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চায় সে। নিজের প্রথম কাজ দর্শকদের ভালো লাগবে বলেই আশা শামিয়ানার। পরিচালক অতনু রায় জানিয়েছেন, কিশোরী জুবেদার চরিত্রের জন্য উপযুক্ত মুখের সন্ধান করতে গিয়েই শামিয়ানার সঙ্গে তাঁর কথা হয়। কথাবার্তার পরেই তাঁর মনে হয়েছিল, এই চরিত্রের জন্য শামিয়ানাই সবচেয়ে উপযুক্ত। পরিচালকের ভাবনার উপর আস্থা রাখার জন্য অঞ্জন বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শতাব্দী রায়ের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, মায়ের অভিনয় জীবনের চার দশক পূর্তির সময়েই মেয়ের নতুন যাত্রা শুরু হতে চলেছে। এখন দেখার, প্রথম ছবিতেই কিশোরী জুবেদার চরিত্রে অভিনয় করে দর্শকদের কতটা মন জয় করতে পারে শতাব্দী-কন্যা শামিয়ানা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.